সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রপতির আহবান
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:২৭
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্যদিয়ে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্ম ও মতের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
রাষ্ট্রপতি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, দেশের সকল ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এটি আমাদের সম্প্রীতির ঐতিহ্য।’
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, গৌতম বুদ্ধ একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তার সমগ্র জীবনে মমতা ও মৈত্রীর মতবাদ প্রচার করেছেন। তিনি বলেন, বুদ্ধের আদর্শ বর্তমান অস্থিতিশীল বিশ্বে সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং সত্যপ্রিয় মহাশেরোসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ থাইল্যান্ড, শ্রীলংকা, ভুটানসহ বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পেশাজীবীগণ যোগ দেন। রাষ্ট্রপতি এবং তার পত্নী অতিথিদের অভ্যর্থনা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।