নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে নোংরা খেলা খেলবেন না
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:২৭
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সহানুভূতি নয়, বরং সহিংসতা ও উস্কানি ছড়িয়ে সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনার জন্য নারায়ণগঞ্জে যান বিএনপি নেত্রী খালেদা জিয়া। জঙ্গিবাদকে উস্কে দিয়ে তিনি দেশকে আবার অস্থিতিশীল করতে চান বলেই র্যাব বিলুপ্তির দাবি করেছেন। তবে দেশবাসী তার এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই। একটি গোষ্ঠী দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে অনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ঘটনার ১৭ দিন পর খালেদা জিয়া সেখানে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এই ইস্যুকে নিয়ে রাজনীতির নোংরা খেলা না খেলতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।