বিজ্ঞাপনগুলো কী বার্তা দিচ্ছে
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:৪৪
টিভি মিডিয়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা আদবকেতা শেখানোর জায়গা নয়। এটা বিনোদন মাধ্যম। এতে যদি কোনো শিক্ষামূলক, তথ্যনির্ভর অনুষ্ঠান বা বিজ্ঞাপন হয় ভালো। না হলেও আপত্তির সুযোগ নেই। কিন্তু যদি এই মিডিয়া ভুল ইতিহাস, কুরুচিপূর্ণ, অশালীন বার্তা প্রচার করে তবে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে।
ছেলের বয়সী কেউ রাস্তায় ক্রিকেট খেলে জানালার কাচ ভেঙে দেবে। আপনি রাগে স্টিলের স্কেল হাতে যাবেন পেটাতে। আবার সেই ছেলে আপনাকে পালটা হুমকি দেবে—পরের বলে আবার কাচ ভাঙবে, তৈরি থাকুন। আসলেই আমাদের তৈরি থাকতে হয় কখন রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু হয়, পেট্রোল বোমা ছুটে আসে। সাবাস বিজ্ঞাপন!
এরকম অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে। তবে সবচেয়ে আপত্তিকর একটি বিজ্ঞাপনের কথা না-বললেই নয়। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণের মুখে আমাদের কোটির ওপর মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। জীবন বাঁচানো, প্রশিক্ষণ নেওয়া, নিজেদের গোছানোর ব্যাপার ছিল। অনেকে কণ্ঠযুদ্ধ করেছেন, অসুস্থ যোদ্ধাদের সেবা করেছেন, বিদেশে বাঙালির পক্ষে জনমত তৈরি, তহবিল সংগ্রহ করেছেন।
আজ স্বাধীন দেশের বিজ্ঞাপনে দেখানো হচ্ছে—যারা ভীরু, কাপুরুষ তারাই শুধু দেশত্যাগ করেছে। আজকের যুগে যারা সেই বিশেষ পণ্যের বদলে ‘নিম্নমানের’, ‘ভেজাল’ পণ্য ব্যবহার করে তাদের সঙ্গে তুলনা করা হয়েছে তাদের ভাষায় স্রোতে গা ভাসিয়ে দেওয়া শরণার্থীদের। এ কেমন ইতিহাস বিকৃতি! এ তো যেন স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির কণ্ঠের প্রতিধ্বনি।
এমন অসুস্থ বিজ্ঞাপন কি চলতে থাকবে? এগুলো দেখার কেউ নেই? সত্য, শোভন, সুন্দর শব্দগুলোতে আর কত মরচে ধরবে?
ঢাকা