রাজ্জাক জাদুতে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:৪৭
ছোটবেলায় অনুবাদ করতে হয়েছে—ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেল, পুরস্কার দিতে অতিথি আসিবার অনেক পূর্বে খেলা শেষ হইয়া গেল!
শুধু পুরস্কার দিতে আসা অতিথি নন, অনেকেই সকাল বেলায় বাসা থেকে বেরিয়ে জ্যাম পার করে মিরপুরে পৌঁছানোর আগে শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল। হাতে ৭ উইকেট নিয়ে সারা দিন কাটিয়ে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে নামা বিসিবি উত্তরাঞ্চল সাত সকালে আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদুতে পাততাড়ি গুটিয়ে ফেললো মাত্র ৩৫৯ রানে। ফলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ২১৩ রানের বিশাল ব্যবধানে ফাইনাল জিতে ঘরে তুলে নিলো দ্বিতীয় বিসিএল। ফলে টানা দ্বিতীয়বার উত্তরাঞ্চলকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হল।
উত্তরাঞ্চলের সামনে কাজটা নিতান্ত ছেলেখেলা ছিল না। ভালো করে বললে, বিশ্বরেকর্ড করে ফেলার মতো অবিশ্বাস্য এক কাজ করতে হতো গতকাল ম্যাচের পঞ্চম দিনে। গতকাল তাদের ৭ উইকেট হাতে নিয়ে আরও ৩১৯ রান তুলতে হতো। সবমিলিয়ে দক্ষিণাঞ্চল শেষ ইনিংসে তাদের সামনে জয়ের জন্য ৫৭৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল। তারপরও এই অবিশ্বাস্য লক্ষ্যটাকে অস্পষ্ট হলেও দেখতে পাচ্ছিল উত্তরাঞ্চল ফরহাদ হোসেন ও নাসির হোসেনের ব্যাটিংয়ে। আগের দিন পর্যন্ত চতুর্থ উইকেটে ১২৮ রান যোগ করে তারা দলকে ৩ উইকেটে ২৫৪ রানে পৌঁছে দিন শেষ করেছিলেন। এখান থেকে স্বপ্ন অন্তত দেখা যায়।
কিন্তু ওখান থেকেই স্বপ্নের পতন শুরু হল তাদের। সকাল বেলায় স্কোরবোর্ডে আর ৪টি মাত্র রান যোগ হতে আল আমিনের অসাধারণ এক ডেলিভারির শিকার হয়ে ফিরে এলেন নাসির। এরপর ফরহাদ একপ্রান্তে সেঞ্চুরি করেছেন, একা একা প্রতিরোধ চালিয়ে গেছেন এবং অন্যপ্রান্তে চলেছে যাওয়া-আসার মিছিল। নাসির ফেরার পরের ওভারেই তানভীরকে হারানোর পর হামিদুল ও ফরহাদ রেজাকে নিয়ে ছোট ছোট দুটো জুটি করে দলকে ৬ উইকেটে ৩৪০ রান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ফরহাদ হোসেন। কিন্তু পরের ১৯ রানে বাকী ৪ উইকেট হারিয়ে ষোলোকলা পূর্ণ করে ফিরলো উত্তরাঞ্চল।
আর তাদের এই ষোলোকলা ব্যর্থতাটা উপহার দিলেন দক্ষিণাঞ্চল অধিনায়ক আব্দুর রাজ্জাক নিজে। আগের দিন পর্যন্ত রাজ্জাক একটু নিষ্প্রভ থাকায় দক্ষিণাঞ্চলের কোচ-ম্যানেজমেন্ট একটু ভয়েই ছিলেন। সব ভয় ঘুচিয়ে দিলেন রাজ্জাক। আগের দিন বেশ ব্যায় করেই ৩ উইকেট নেয়া রাজ্জাক গতকাল নিজের চেহারায় ফিরে এসে পট পট আরও ৩ উইকেট তুলে নিয়ে ইনিংসে ৬ উইকেট শিকার করলেন। আর নিশ্চিত করলেন সামনে থেকেই দলকে ট্রফি জিতিয়ে ফেরা।
বাংলাদেশ ক্রিকেট লিগ
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ইনিংস রান গড় ৫০/১০০ সর্বোচ্চ
ইমরুল কায়েস ৭ ৫১১ ৭৩.০০ ১/২ ২০৪
মোঃ মিথুন ৭ ৪৪১ ৬৩.০০ ২/২ ১২৬
সামসুর ৫ ৪২৫ ৮৫.০০ ১/১ ২৬৭
ফরহাদ হো. ৭ ৩৯২ ৫৬.০০ ১/২ ১২৯
ফরহাদ রেজা ৭ ৩৪৭ ৫৭.৮৩ ১/১ ১৫৩
সেরা পাঁচ বোলার
বোলার ইনিংস উইকেট গড় ৫ উই. সেরা
তাইজুল ৭ ৩৭ ১৭.২৪ ৫ ৮/৮৬
রাজ্জাক ৮ ২৭ ২৩.৩৩ ২ ৬/১০২
মাহমুদউল্লাহ ৩ ২১ ২৩.২৯ ২ ৭/৯৪
সোহাগ ৪ ১৬ ৩১.৩১ ০ ৪/৬৭
ইলিয়াস সানি ৩ ১৪ ২৩.৫০ ১ ৫/৪৪