আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে ভাবতে হচ্ছে হোম দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘকে।
বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘গোপালগঞ্জ ইস্যুতে আজ লিগ কমিটির জরুরি সভা ছিল। সভায় আসন্ন রাউন্ড থেকে প্রথম লেগ পর্যন্ত গোপালগঞ্জ ভেন্যুতে খেলা স্থগিত রাখা হয়েছে। ক্লাবগুলোকে ফেডারেশন ঝুকির মুখে ফেলতে চায় না।’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের দুই হোম ভেন্যুর দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের হোম এই দুই ভেন্যুর একটিতে করতে পারে আবার চাইলে অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষের হোমেও খেলতে পারে সেই সুযোগও তাদের দেওয়া হয়েছে।’
এ দিকে দুই ক্লাবই ঢাকা স্টেডিয়ামে নিজেদের বাকি হোম ম্যাচ খেলার আবেদন জানিয়েছে। আরামবাগ ঢাকা স্টেডিয়ামের সঙ্গে মানিকগঞ্জেও খেলার আগ্রহ প্রকাশ করেছে। ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘ঢাকা স্টেডিয়াম কিংবা মানিকগঞ্জ যেখানে ফেডারেশন দেবে সেখানে আমরা বাকি হোম ম্যাচ খেলতে রাজি রয়েছি।’
তবে ব্রাদার্স ইউনিয়ন ঢাকা স্টেডিয়ামে খেলার ব্যাপারেই বেশি আগ্রহী। ক্লাবটির কর্মকর্তা আমের খান বলেন, ‘মানিকগঞ্জের মাঠ ভালো নয়। বসুন্ধরা কিংস-ব্রাদার্স খেলা রয়েছে এখন সেই ম্যাচ মানিকগঞ্জ হলে কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে তো দেশেরই ক্ষতি হবে। জামাল ভূইয়া ইতোমধ্যে মানিকগঞ্জে খেলতে গিয়ে আহত হয়েছে। তাই আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, ফেডারেশন কাপ হলে, লিগের কয়েকটি ম্যাচ হলে সমস্যা দেখি না।’
