আক্রমণই প্রাণ

সেরা সময়টা তিনি অনেক আগেই পাড় করে এসেছেন। তারপরও গত বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী বলে কথা! তাই ডিয়েগো ফোরলানকে উপেক্ষা করতে পারেননি উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। এর সাথে লুইস সুয়ারেজ, এডিসন কাভানিকে নিয়ে স্বপ্নের মত এক আক্রমণ ভাগ সাজিয়ে নিয়েছেন এই কোচ। বিশ্বকাপ শুরু হতে আর মাস খানিক বাকি। এই সময়ে উরুগুয়ের ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল এই তিনজন। ২৫ জনের মধ্যে ১৮ জনই খেলেন ইউরোপিয়ান বিভিন্ন ক্লাবে। আগামী দুই জুনের মধ্যেই দুইজন কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই বেশ শক্ত পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকান দলটি। গ্রুপ ‘ডি’-তে তাদের প্রতিপক্ষরা হল ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকা। এদের মধ্যে সবচেয়ে সহজ প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি লড়াই দিয়েই শুরু হতে যাচ্ছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির বিশ্বকাপ যাত্রা। ১৪ জুন তাদের প্রতিপক্ষ কোস্টারিক। আর আগে দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিবে উরুগুয়ে। সেই ম্যাচ দুটিতে তাদের প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া। গোল রক্ষক: ফার্নান্দো মুসলেরা, মার্টম সিলভা, রড্রিগো মুনোজ। ডিফেন্ডার: দিয়াগো লুগানো, দিয়াগো গডম, হোসে মার্মা জিমেনেজ, মার্টম ক্যাসেরেস, ম্যক্সিমিলানো পেরেইরা, জর্জ ফুসিল ও সেবাস্তিয়ান কোটস। মিডফিল্ডার: এজিদিও এ্যারেভালো, ওয়ালটার জার্জানো, দিয়েগো প্যারেজ, সেবাস্তিন ইগুরেন, আলভারো গঞ্জালেজ, আলেজান্দ্রো সিলভা, আলভারো পেরেইরা, ক্রিস্টিয়ান রড্রমগুয়েজ, গ্যাস্টন রামরেজ ও নিকোলাস রোদেইরো। ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়াগো ফোরলান, ক্রিস্টিয়ান স্টুয়ানি ও আবেল হার্নান্দেজ। স্ট্যান্ডবাই: আন্দ্রেস স্কোটি, আলভারো ফার্নান্দেজ ও গঞ্জালো ক্যাস্ট্রো। বাসস