ফিরলেন লরেন্তো, বাদ পড়লেন সোলদাদো

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে ব্রাজিল যাত্রা করার আগে ভিসেন্তে দেল বস্ক ঘোষণা করে দিয়েছেন তার ৩০ সদস্যের প্রাথমিক দল। তবে প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটানোর ফলাফল হিসাবে সেখানে জায়গা হয়নি টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার রবার্তো সোলদাদোর। ঠিক উল্টোভাবে জুভেন্তাসের হয়ে দুর্দান্ত সিরি এ মৌসুমের পুরস্কার হিসাবে দলে ফিরেছেন ফার্নান্দো লরেন্তো। অবশ্য চূড়ান্ত দলে জায়গা পেতে দিয়েগো কস্তা, ফার্নান্দো তোরেস, আলভারো নেগ্রেদোদের সাথে লড়াই করতে হবে লরেন্তোকে। কারণ, প্রাথমিক দলের সাতজন স্ট্রাইকারের মধ্যে আছে এদের সবার নামই। ফিফার নিয়মানুযায়ী আগামী ২৫ মের মধ্যে এই স্কোয়াডকে নামিয়ে আনতে হবে ২৩ জনে। লরেন্তোর পাশাপাশি দেল বস্কের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সিরি এতে খেলা অন্য দুই তারকা পেপে রাইনা ও রাউল অ্যালবিওলও। যদিও ইকার ক্যাসিয়াস, ডেভিড দি গিয়াদের পেছনে রাইনাকে হয়তো দর্শক হয়েই থাকতে হবে বিশ্বকাপে। এদিকে, অ্যাথলেটিকো বিলবাওর হয়ে গত বছর বাজে এক মৌসুম কাটানো লরেন্তো চলতি মৌসুমে পুরোটা সময় ধরেই দারুণ ফর্মে ছিলেন জুভেন্তাসের হয়ে। স্কুডেটো জেতানোর পাশাপাশি তুরিনের এই ক্লাব ইউরোপা কাপের সেমিফাইনালেও ছিল লরেন্তোর দারুণ ভূমিকা। তবে প্রাথমিক দলে থাকা অন্য ছয় স্ট্রাইকারের সাথে লড়াই করে ব্রাজিলের প্লেনে ওঠাটা হয়তো কিছুটা কঠিনই হবে লরেন্তোর জন্য। কারণ, একমাত্র তোরেস বাদে চলতি মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে ভাল সময়ই কাটিয়েছেন কস্তা, জেসাস নাভাস, পেদ্রো, সিলভারা। এদিকে, সালদাদোর পাশাপাশি জায়গা হারিয়েছেন নাপোলির হোসে ক্যালেজন এবং ফিওরেন্তিনার বোরজা ভ্যালেরো। স্পেন জাতীয় দলের অফিসিয়াল টুইটার পেজেই জানা গেছে প্রাথমিক দল ঘোষণার এসব তথ্য। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বি গ্রুপের ম্যাচ দিয়ে স্পেন এবার শুরু করছে তাদের বিশ্বকাপ অভিযাত্রা। গ্রুপের বাকি দুই সদস্য চিলি ও অস্ট্রেলিয়া।