বাদ পড়লেন আরশাভিন
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:৫০
সামপ্রতিক পারফরম্যান্স এবং বয়স; দুটি বিষয়ই কথা বলছিল তার বিরুদ্ধে। তবে রাশিয়ান ফুটবলের এ যুগের সবচেয়ে বড় তারকাটি জাতীয় দলের হয়ে তার সর্বশেষ সুযোগটি পাবেন এমন ধারণা করা মানুষেরও অভাব ছিল না। তবে, মানুষের সেই আবেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কঠিন এক সিদ্ধান্তই নিলেন ফ্যাবিও ক্যাপালো। রাশিয়া কোচ জানিয়ে দিলেন, ব্রাজিল বিশ্বকাপে রাশিয়ান দলে জায়গা হচ্ছে না আরশাভিনের। ফলে, জেনিথ সেন্ট পিটার্সবার্গের এই স্ট্রাইকারের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেলো কোন বিশ্বকাপ না খেলেই।
ইউরোর ২০০৮ এবং ’১২ আসরে রাশিয়াকে নেতৃত্ব দেয়া আরশাভিন নিজের সেরা সময়ের ছায়া হয়ে আছেন গত অনেকদিন ধরেই। তবুও জেনিথ সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন হয়তো ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্যই। তবে ক্যাপালোর এই ঘোষণায় সাবেক এই আর্সেনাল তারকার স্বপ্ন শেষই হয়ে গেল।
২০০২ সালের পর প্রথমবারের মতো এবং সবমিলে তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া দলটিতে এর বাইরে উল্লেখযোগ্য পরিবর্তন আছে একটিই। সুযোগ হয়নি টটেনহ্যাম হটস্পারের সাবেক স্ট্রাইকার রোমাইন পাবলোচেঙ্কোরও।— বাসস