প্রাথমিক দলেই নেই তেভেজ

কোচ আলেসান্দ্রো সাবেলা আগেই আভাস দিয়ে রেখেছিলেন বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না কার্লোস তেভেজের। আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই স্ট্রাইকার নিজেও ভুগছেন ইনজুরিতে। গত মঙ্গলবার রাতে ঘোষণা করা বিশ্বকাপ দলেও সেটাই দেখা গেল। ৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়েছেন এই স্ট্রাইকার। এই একটা ব্যাপার বাদ দিলে বাকিটা মোটামুটি প্রত্যাশিতই হয়েছে আর্জেন্টাইনদের জন্য। এছাড়াও সাবেলার দলে নেই টটেনহ্যামের ফরোয়ার্ড এরিক লামেলা ও পিএসজির মিডফিল্ডার জ্যাভিয়ার প্যাস্তোরে। আগামী দুই জুনের মধ্যে ত্রিশ জনের এই দলটা ছোট করে ২৩ জনে নামিয়ে আনবেন কোচ সাবেলা। ৩০ বছর বয়সী তেভেজ সাবেলার অধীনে খেলেছেন ৬৪ টি ম্যাচ। এবারের সিরি ‘এ’-তে ১৯ গোল করলেও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না আর্জেন্টিনার ২০১০ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্যকে। ইনজুরি আক্রান্ত তিন মিডফিল্ডার জায়গা করে নিয়েছেন সাবেলার দলে - ফার্নান্দো গ্যাগো, অগাস্টো ফার্নান্দোজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। দলে চমক বলতে আছেন তিন জন। তারা হলেন ফ্র্যাঙ্কো ডি স্যান্তো, গ্যাব্রিয়েল মার্কাডো ও ফ্যাবিয়ান রিনাওডো। স্ট্রাইকার স্যান্তো খেলেন জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনে। রিনুয়াযো কাতানিয়ায় আর মার্কাযো রিভার প্লেটে খেলেন। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের জন্য এবারের গ্রুপ পর্যায়ের বাধাটা মোটামুটি সহজ হচ্ছে বলা যায়। ‘এফ’ গ্রুপে তারা খেলবে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের বিপক্ষে। ৩০ জনের প্রাথমিক স্কোয়াড গোলরক্ষক: স্যার্জিও রোমেরো (মোনাকো), মারিয়ানো আডুজার (কাতানিয়া), অগাস্টিন ওরিয়ন (বোকা জুনিয়রস)। ডিফেন্ডার: লিসান্দ্রো লোপেজ (গেটাফে), হুগো কাম্পানিয়ারো (ইন্টার মিলান), ফেডেরিকো ফার্নান্দেজ (নাপোলি), পাবলো জাবালেতা (ম্যানচেস্টার সিটি), এসকুয়েল গ্যারে (বেনফিকা), মার্কোস রোজো (স্পোর্টিং লিসবন), হোসে বাসান্টা (মন্টেরে), নিকোলাস ওটামেন্ডি (অ্যাটলেটিকো মিনেইরো), মার্টিন ডেমিকেলিস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মার্কাডো (রিভার প্লেট)। মিডফিল্ডার: জ্যাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), হোসে সোসা (অ্যাটলেটিকো মাদ্রিদ), অগাস্টো ফার্নান্দেজ (সেল্টা ভিগো), রিকার্ডো আলভারেস (ইন্টার মিলান), লুকাস বিগলিয়া (ল্যাজিও), এভার বেনেগা (নিওয়েলস ওল্ড বয়েজ), ফার্নান্দো গ্যাগো (বোকা জুনিয়রস), ম্যাক্সি রড্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), এনজো পেরেজ (বেনফিকা), ফ্যাবিয়ান রিনাওডো (কাতানিয়া)। ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), রড্রিগো পালাসিও (ইন্টার মিলান), গঞ্জালো হিগুয়েন (নাপোলি), স্যার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এজেকুয়েল ল্যাভেজ্জি (পিএসজি), ফ্র্যাঙ্কো ডি স্যান্তো (ওয়ের্ডের ব্রেমেন)।