পর্তুগালের শক্তি রোনালদো
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:২১
সর্বশেষ ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে দেয়ার পিছনেও তার ভূমিকাটাই মুখ্য। জাতীয় দলের হয়ে রোনালদোর ভূমিকাটা আরও বড়।
তবে এই বিশ্বকাপের আগে চোটের কারণে তাকে ঘিরে কিছুটা শঙ্কাও ছিল। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল দিয়েছেন পর্তুগাল কোচ। সপ্তাহখানেক আগে স্পেনের লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এর পর সেল্টা ভিগোর বিপক্ষে খেলেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে অবশ্য রোনালদো পুরো ‘ফিট’ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। লিসবনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ২৪ মে।
মঙ্গলবার রাতে ঘোষণা করা পর্তুগালের কোচ পাওলো বেন্টোর ৩০ সদস্যের প্রাথমিক দলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় মাত্র একজন, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ন্যানি।
এফসি পোর্তোর উইঙ্গার রিকার্ডো কুয়ারেসমাকেও দলে রেখেছেন পর্তুগাল কোচ। পর্তুগালের হয়ে কুয়ারেসমা সর্বশেষ খেলেছেন ২ বছর আগে। ২০১৩ সালের মে মাসে আল আহলি ছেড়ে আসার পর ৬ মাস খেলার বাইরে ছিলেন তিনি। এর পর নাম লেখান পোর্তোতে।
বেন্তোর দলে পর্তুগাল লিগের খেলোয়াড় আছেন ১১ জন। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পর্তুগালের তিন প্রতিপক্ষ জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। আগামী দুই জুনের মধ্যে ৩০ জনের এই দল কমে ২৩ জনে নেমে আসবে। আগামী ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী দল জার্মানী।