জার্গেনসেনের নতুন মিশন ‘ফিজি’

শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপে পারফরম্যান্স যাই হোক না কেন— পরিসংখ্যান বলছে শেন জার্গেনসেন জমানায় বাংলাদেশের পারফরম্যান্স মোটেই খুব খারাপ ছিল না। নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচ ড্র - সবই হয়েছে তার সময়েই। তাই বাংলাদেশের কোচের পদ হারালেও নতুন মিশনে নামতে খুব বেশিদিন সময় নিলেন না শেন জার্গেনসেন। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ফিজি ক্রিকেটের প্রধান কোচ হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সেখানে একাধারে তিনি ছেলেদের ক্রিকেট দল, নারী ক্রিকেট দল ও বয়সভিত্তিক দলগুলোর সাথে কাজ করবেন। নতুন মিশনে জার্গেনসেনের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ভারতের মাটিতে। আগামী অক্টোবর মাসে দল নিয়ে ভারতে আসছেন তিনি। এরপর আইসিসির পূর্ব এশিয়া প্যাসিফিক বিশ্ব ক্রিকেট লিগ বাছাইপর্বে খেলবে তার দল। ফিজি বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের সপ্তম ডিভিশনে খেলে। গত বছর বতসোয়ানায় অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে চতুর্থ অবস্থানে ছিল ফিজি। নতুন দায়িত্ব নেয়ার পর ইএসপিএন ক্রিকইনফোকে জার্গেনসেন বলেন, ‘আমি আগামী তিন বছরের জন্য ফিজির জাতীয় কোচ হিসেবে দায়িত্ব নিয়েছি। এটা বিশাল একটা দায়িত্ব হবে আমার জন্য। একই সাথে ছেলেদের দল, মেয়েদের দল ও অনূর্ধ্ব ১৯ দলগুলোর সাথে আমাকে কাজ করতে হবে।’ ২০১২ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন শেন জার্গেনসেন। দায়িত্বে ছিলেন প্রায় আড়াই বছর। স্বদেশ অস্ট্রেলিয়ার অনেক কাছে বলেই নতুন চাকরিটা উপভোগই করবেন বলে মনে করছেন জার্গেনসেন, ‘সত্যি কথা বলতে, আমি কোচিংটা অনেক উপভোগ করি। খেলোয়াড়দের সাথে কাজ করা, তাদের প্রশ্নের জবাব দেয়া, তাদের উন্নতির সাক্ষী হওয়া— সব কিছু দেখতে আমার ভালো লাগে। আর এই কাজটা আমার বাড়ির অনেক কাছে। ফলে আমি আরও বেশি সময় দিতে পারবো। আশা করছি, যাত্রাটা উপভোগ্য হবে আমার জন্য।’ শেন জার্গেনসেনের মত একজন কোচ পাওয়ার পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ফিজি। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট ফিজির মহাব্যবস্থাপক এলনোকে লেসুমা বলেন, ‘শেন জার্গেনসেনের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। টেস্ট দলের সাথে তিনি কাজ করেছেন। তার মত একজনকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।’