বড় জয়েও আবাহনী দ্বিতীয় স্থানে

আগের ম্যাচে সকার ক্লাবকে হারানোর পর আবাহনী এবং উত্তর বারীধারার ফল কি দাঁড়ায় সেটা দেখার অপেক্ষায় ছিল ব্রাদার্স ইউনিয়ন। আবাহনীকে যদি উত্তর বারীধারা আটকাতে পারতো তাহলে ব্রাদার্স সুযোগ পেতো আরো উপরে উঠার। কিন্তু খেলার ৪১ সেকেন্ডে আবাহনীর শাহেদুল আলম শাহেদ গোল করে উত্তর বারীধারা ক্লাবকে শুরুতে হতচকিত করে দেয়। ২১ মিনিটে আবাহনী তিন গোল করলে ব্রাদার্স আর ৯০ মিনিট অপেক্ষা করার প্রয়োজন মনে করেনি। আবাহনী শেষ পর্যন্ত খেলাটিতে ৫-২ গোলে হারিয়েছে উত্তর বারীধারা ক্লাবকে। শাহেদের পর ১৩ মিনিটে গোল করেন নাসিরুল ইসলাম নাসির (২-০), ২১ মিনিটে পর্তুগীজ ফরোয়ার্ড সুয়ারেস গোল করেন (৩-০)। গোল তিনটি হজম করেই উত্তর বারীধারা বিধ্বস্ত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আবাহনী দুই গোল করে। বারীধারাও দুটি শোধ দেয়। ৫৫ মিনিটে ঘানাইয়ান ইব্রাহিম গোল করে ব্যবধন বাড়ান (৪-০)। বারীধারার কেনিয়ান কলিন্স টেগো গোল করেন (১-৪)। ৮১ মিনিটে ক্যামেরুনের একেলে প্যাটট্রিক ব্যবধান বাড়ান ৫-১। আর ইনজুরি টাইমে বারীধারা দুলাল হাসান পরিশ্রমের ফসল পান শেষ গোলটি করে ২-৫। আবাহনী এ জয়ের পর ১৫ খেলা শেষে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শেখ জামাল ছয় পয়েন্ট বেশি পেয়ে আছে শীর্ষে। অপরদিকে বারীধারার পয়েন্ট ১৫ খেলায় ১০।