টেলিযোগাযোগ খাত অগ্রগতিতে বাধা উচ্চ কর
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২২:৩৫
উচ্চ করের কারণে টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ব্যাহত হচ্ছে। আসন্ন বাজেটে এই দিকটি মাথায় রেখে সরকারকে বাজেট পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। বুধবার সোনারগাঁও হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবীর এই আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাইনুর রহমান ভুঁইয়া, চিফ ফিন্যান্সিয়াল অফিসার।
নূরুল কবীর বলেন, মোবাইল ফোন অপারেটরগুলোর ওপর উচ্চহারে চাপিয়ে দেয়া করের কারণে গ্রাহক সেবা ও তৃণমূল পর্যায়ের গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ছে। এতে বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ বাজারগুলোর একটি হওয়ার পরেও শিল্পবান্ধব কর নীতির অভাবে সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি সিম/রিম কার্ডের ওপর বর্তমান যে সম্পূরক শুল্ক ও ভ্যাট রয়েছে তা তুলে নেয়ার বিষয়টি সরকারের কার্যকর বিবেচনায় আনা উচিত বলে মন্তব্য করেন। সিম ট্যাক্স প্রসঙ্গে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সিম ট্যাক্স বাড়ানোর পর রবির সিম বিক্রি অর্ধেকে নেমে এসেছে। এতে শুধু রবিই নয়, মোবাইল খাতের প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে।