সব ম্যাচে জয় চান কোরি
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:২২
‘এ’ দলের ক্যারিবিয় সফর
তারিখ ম্যাচ
২৬-২৯ মে ১ম চারদিনের ম্যাচ
২-৫ জুন ২য় চারদিনের ম্যাচ
৮ জুন ১ম ওয়ানডে
১০ জুন ২য় ওয়ানডে
১২ জুন ৩য় ওয়ানডে
১৪ জুন ১ম টি-টোয়েন্টি
১৫ জুন ২য় টি-টোয়েন্টি
* সব খেলা বারবাডোজে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার
কার্যত তিনিও বাংলাদেশের বিদায়ী কোচদের একজন। শেন জার্গেনসেনের বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ডসও পদত্যাগ করেছিলেন। তবে জার্গেনসেনকে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত রাখা না হলেও কোরিকে অনুরোধ করা হয়েছিল ‘এ’ দলের ক্যারিবিয় সফরটা পর্যন্ত কাজ চালিয়ে যেতে। সে অনুরোধের ফলেই ‘এ’ দলের প্রধান কোচ হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন কোরি। আর গতকালই জাতীয় দলের এক ঝাঁক তারকা নিয়ে ‘এ’ দলের অনুশীলন শুরু করলেন কোরি রিচার্ডস।
এটা যে বাংলাদেশের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট এ নিয়ে খুব বেশি ভাবিত নন এই অস্ট্রেলিয়ান। তিনি বরং এই সফরে দলের ও তার নিজের লক্ষ্য নিয়েই পরিষ্কার করে বললেন, ‘অবশ্যই আমার লক্ষ্য প্রতিটা ম্যাচ জয়। একজন খেলোয়াড় হোন আর কোচ, জয়কে লক্ষ্য করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের দলটা খুবই ভালো। নির্বাচকরা দারুণ একটা দল তৈরি করতে অসাধারণ কাজ করেছেন। আমরা ভালো প্রস্তুতির মধ্যে আছি। ফলে ওয়েস্ট ইন্ডিজে আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবো বলে আশা করি।’
ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলা যে চ্যালেঞ্জিং, সেটা কোরি খুব ভালোই বোঝেন। তাই বারবাডোজের বাউন্সি উইকেটে তার ব্যাটসম্যানরা ভালো করার চ্যালেঞ্জটা নেবে বলেই বিশ্বাস নিউ সাউথ ওয়েলসের সাবেক এই ক্রিকেটারের, ‘ভিন্ন একটা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার এটা অসাধারণ একটা সুযোগ। বারবাডোনের উইকেট সাধারণত গতিশীল এবং বাউন্সি হয়। আর ওয়েস্ট ইন্ডিয়ানরা ফাস্ট ও শর্ট বল করতে পছন্দ করে। ফলে এই কন্ডিশনে ভালো পারফরম করে আগস্টের (জাতীয় দলের ক্যারিবিয় সফর) সিরিজের জন্য নিজেদের যোগ্য প্রমাণ করার এটা অসাধারণ একটা সুযোগ।’
সুযোগটা শেষ পর্যন্ত ক্রিকেটাররা কাজে লাগাতে পারবেন কিনা, সেটা সময় বলবে। তবে কোরি খুবই আশাবাদী। দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশাবাদী তিনি। যদিও শনিবার থেকে ফিটনেস ও স্কিল উন্নয়ন নিয়ে কাজ শুরু হবে। তবে কোরি চাইছেন বেশি চাপ না দিয়ে সবাইকে ফিট ও সতেজ রাখতে, ‘আমার মনে হচ্ছে সবাই খুব ভালো অবস্থায়ই আছে। আমরা শনিবার থেকে স্কিল নিয়ে কাজ শুরু করবো। সেটার দিকেই তাকিয়ে আছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হল, খেলোয়াড়দের একটু বিশ্রামে রাখা। গত কিছুদিন ধরে ছেলেরা অনেক খেলার মধ্যে আছে। ফলে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে যাবো, সবাই যেন তখন সতেজ থাকে এবং ফিট থাকে; এটা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।