শেখ রাসেলের নতুন শুরু আজ
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:২৫
পয়েন্ট টেবিল
শেখ জামাল ১৫ ১১ ৪ ০ ৪২/১৪ ৩৭
আবাহনী ১৫ ৯ ৪ ২ ১৯/৮ ৩১
ব্রাদার্স ১৫ ৭ ৪ ৪ ২২/১৮ ২৫
মোহামেডান ১৪ ৬ ৫ ৩ ১৬/১২ ২৩
মুক্তিযোদ্ধা ১৪ ৬ ৩ ৫ ২৫/১৫ ২১
শেখ রাসেল ১২ ৪ ৪ ৪ ১৭/১১ ১৬
বিজেএমসি ১৫ ৪ ৩ ৮ ২৩/২৮ ১৫
উত্তর বারীধারা ১৫ ২ ৪ ৯ ১২/৪৫ ১০
সকার ক্লাব ১৪ ১ ৬ ৭ ১৪/২৩ ৯
চট্ট আবাহনী ১৫ ১ ৫ ৯ ৯/২৫ ৮
লিগের মাঝ পথে এসেও শেখ রাসেল ক্রীড়া চক্র আজ নতুন করে শুরু করার কথা জানিয়েছে। শ্রীলংকা জয় করে এই দলটি নতুন মন মানসিকতা নিয়ে নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে মাঠে নামছে আজ। বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের প্রতিপক্ষ অফিস দল বিজেএমসি।
শ্রীলংকায় অনুষ্ঠিত এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে যাওয়ার আগে শেখ রাসেলের খেলোয়াড়দের মানসিক অবস্থা খুব ভালো ছিল না। ম্যাচের পর ম্যাচ পয়েন্ট নষ্ট করেছিল। মন্টিয়েনেগ্রে থেকে আসা নতুন কোচ দ্রাগান দুকোভিচ দায়িত্ব নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন খেলোয়াড়দের মনোবল চাঙ্গা নয়। তারা মানসিক ভাবে পিছিয়ে আছে। চাঙ্গা করতে পারলে কিছুটা ভালো খেলা আদায় করা যাবে বলে মনে হচ্ছে।’ শ্রীলংকা জয় করে খেলোয়াড়দের মনোবলটা আগের চেয়ে অনেক চাঙ্গা বলে জানিয়েছেন দলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য। যে কারণে গতকাল বিকালে অনুশীলন শেষে জানিয়েছেন আমরা নতুন করে আজ শুরু করতে চাই। আমরা খারাপ থেকে ভালোর দিকে উঠেছি।’ তিনি বলেন, শ্রীলংকা গিয়েছিলাম এক রকম মন মানসিকতায়। আর ফিরেছি আরেক রকম মানসিকতা নিয়ে।’ দলের খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন এসেছে বলে জানান বিপ্লব। আর এটাই আজকের ম্যাচের বড় রশদ। এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের বাছাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা শেখ রাসেল সেনাপতি পয়েন্ট টেবিলের উপর চোখ রেখেছেন। শেখ জামাল, আবাহনী, ব্রাদার্স, মোহামেডান অনেক এগিয়ে। শেখ রাসেল পয়েন্ট নষ্ট করেছে লিগে। বর্তমান চ্যাম্পিয়ন এই দলটি এখন শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে না। তারা চাইছে এখন নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করতে। আর এর জন্য প্রত্যেক ম্যাচ জয়ের কোনো বিকল্প দেখছেন না গোলপোস্টের প্রহরী বিপ্লব। তবে তিনি দুর্ভাবনায় রয়েছেন দলের ইনজুরি নিয়ে। সার্বিয়ান ফরোয়ার্ড ইভান, রবীন, মিঠুন, সবুজ ইনজুরিতে রয়েছেন। ইভান ও মিঠুন খেলবেন ইনজুরি নিয়ে। বিদেশি সবাইকেও পাচ্ছে না শেখ রাসেল। কারণ ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন জ্যামাইকান রিকার্ডো, উরুগুয়ের ফ্রান্সিস। খেলবেন হাইতির ফরোয়ার্ড মিলিয়েন প্যাসকেল। দলের খেলোয়াড়দের প্রতি অধিনায়ক বিপ্লবের আহবান সবাই যেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়ের মন মানসিকতা নিয়ে খেলেন। তিনি কাল জানিয়েছেন কে কোন দল থেকে শেখ রাসেলে এসেছেন সেটা বড় কথা নয়। মানসিকতা হতে হবে এখন আমি চ্যাম্পিয়ন দলে খেলছি। তা না হলে সেরা খেলাটা মেলে ধরাও কঠিন হয়ে যাবে তার জন্য।’
প্রথম পর্বে শেখ রাসেল বিজেএমসির বিরুদ্ধে ৪৯ মিনিটে গোল হজম করে ৭২ মিনিটে রবীনের গোলে সমতা এসে ১ পয়েন্ট পেয়েছিল। ১২ খেলায় রাসেলের (৪ জয়, ৪ ড্র, ৪ হার) ১৬ পয়েন্ট। বিজেএমসির ১৫ খেলায় (৪ জয়, ৩ ড্র, ৮ হার) ১৫ পয়েন্ট।