দু:খ ভুলে ঐক্যবদ্ধ আর্জেন্টিনার আহ্বান তেভেজের
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:২৮
কার্লোস তেভেজ চান বিশ্বকাপের আগে তার বাদ পড়া বিতর্কের অবসান ঘটিয়ে আর্জেন্টিনা যেন ঐক্যবদ্ধ হয়। জুভেন্তাস স্ট্রাইকারটি আর্জেন্টিনার হয়ে ৬৪ বার খেলেছেন। তবে আলেসান্দ্রো সাবেলা দলটির দায়িত্ব নেয়ার পর তিনি আর ডাক পাননি। সাবেলা ২০১১ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন।
তেভেজ চলতি মৌসুমে ইতালির লিগে জুভেন্তাসের হয়ে ১৯টি গোল করলে ধারণা করা হয়েছিল সাবেলার মন গলবে। কিন্তু মঙ্গলবার ঘোষিত সাবেলার ৩০ সদস্যের দলেও ঠাঁই হয়নি তার। এখন তার অনুপস্থিতির মধ্যেও তেভেজ চান তাকে বাদ দিয়ে সবার মনযোগের কেন্দ্রবিন্দু হোক আর্জেন্টিনার প্রস্তুতি।
এ ব্যাপারে তেভেজ ইতালির গণমাধ্যমকে টুইটার মারফত বলেন, ‘এই মাধ্যমের সুবাদে সুন্দর সব বিষয় ও আমার প্রতি সদয় মনোভাবের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সবাইকে বুঝতে হবে যে আমি কখনোই এ প্রক্রিয়ার অংশ ছিলাম না। এই জাতীয় দলটির কোন সমস্যা থাকা উচিত নয়। আমি রিপোর্টার, সাংবাদিক, খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও পরিচালকদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করবো। সবাই এক পক্ষে থাকুন। আমাদের সমর্থকদের আনন্দ দিতে হবে এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘সেইসব মানুষ যারা ভাবছে আমার পালা (জাতীয় দলে) শেষ হয়ে গেছে, ভুলে গেলে চলবে না, আমি এমন এক জায়গা থেকে এসেছি, যেখানে বলা হয়ে থাকে জয় করা অসম্ভব।’