কলকাতার কার্যকর ‘নাইট’

মাঝে গৌতম গম্ভীর বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের আরেকটি শিরোপা অভিযানে তার অন্যতম তুরুপের তা সাকিব আল হাসান। যদিও ম্যাচের পারফরম্যান্সের দিকে তাকালে সাদা চোখে গম্ভীরের এই কথা বোঝা কঠিন। এই যেমন সর্বশেষ গত পরশু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতার জয়ে সাকিবের অবদান ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট এবং ৮ বলে ৯ রান। এই পারফরম্যান্সকে সাধারণ বলে মনে হলেও ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটাকে জয়ে অবদান রাখা বা দলকে জয়ের পথে নিয়ে যাওয়া পারফরম্যান্সই বলতে হবে। চলতি আসরে কলকাতার হয়ে অসামান্য কোনো পারফরম্যান্স করতে না পারলেও প্রায় প্রতিটা ম্যাচেই এরকম কার্যকর রান করছেন, উইকেট নিচ্ছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে সাকিব ব্যাট হাতে ৩০.০০ গড়ে করেছেন ৯০ রান। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। তবে সাকিবের শ্রেষ্ঠত্বটা বুঝতে পারবেন তার ওভার প্রতি রান দেওয়ার প্রবণতা থেকে। এই স্বল্পতম দৈর্ঘের ক্রিকেটে রীতিমতো কৃপণ এই অলরাউন্ডার। এবারের আইপিএলে এখন পর্যন্ত ওভার প্রতি ৫.৯৬ করে রান দিয়েছেন সাকিব। একাধিক ম্যাচ খেলেছেন, এমন বোলারদের মধ্যে সাকিবের চেয়ে কম রান দিয়েছেন আর একজন মাত্র বোলার—বিনয় কুমার; ৫.৯২ করে।