খালেদা জিয়ার র্যাব বাতিলের দাবি হঠকারী :ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার র্যাব বাতিলের দাবি হঠকারী, উস্কানি ও চক্রান্তমূলক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, কতিপয় সদস্যের কারণে র্যাব বাতিলের দাবি জানিয়েছেন বেগম জিয়া। মনে রাখতে হবে, অতীতে সশস্ত্র বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য বেগম জিয়ার স্বামী জেনারেল জিয়াকে হত্যা করে। বেগম জিয়া কি তার স্বামী হত্যার জন্য সেনাবাহিনী বিলুপ্তির দাবি জানাবেন? পুলিশ বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেও অসংখ্য অভিযোগ রয়েছে। বেগম জিয়া পুলিশ বাহিনী বাতিলের দাবি করবেন কিনা? তিনি বলেন, বেগম জিয়া বাংলাদেশে কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান রাখতে চান না। তিনি সকল প্রতিষ্ঠান ভেঙে দেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেয়ার প্রস্তাব করছেন। তার দাবি মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। এই দাবি প্রত্যাহার করে সমস্যা সমাধানের প্রস্তাব থাকলে তা দেয়ার জন্য আহ্বান জানান ইনু। তথ্যমন্ত্রী আরো জানান, র্যাবের জন্মের পর থেকে এ পর্যন্ত এক হাজার ৯৪৯ জন র্যাব সদস্যকে লঘু ও গুরু শাস্তি দেয়া হয়েছে। তাদের অনেককে চাকরিচ্যুতও করা হয়েছে। সুতরাং র্যাব আইনের ঊর্ধ্বে নয়। র্যাবের কেউ অপরাধ করলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নারায়ণগঞ্জের ঘটনায় র্যাব সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সুতরাং গ্রেপ্তারও হবে। হাইকোর্টের নির্দেশ মতো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।