ব্যাটারি চালিত রিকশা, অটোবাইক বন্ধের দাবি

বিদ্যুত্ অপচয়কারী ব্যাটারি চালিত রিকশা ও অটোবাইক চলাচল বন্ধসহ ৫ দফা দাবি জানিয়েছে, বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বলা হয়, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের মাধ্যমে প্রকৃত রিকশা চলাচলে অবকাঠামোকে ধ্বংসের অপচেষ্টা চলছে। তাই একে বাঁচাতে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ, ঢাকা সিটি করপোরেশন কর্তৃক রিকশা-ভ্যানের মালিকানা লাইসেন্স নবায়নের তারিখ ঘোষণা, রিকশা মালিকদের মাঝে সমবায়ের মাধ্যমে ইঞ্জিন চালিত যানবাহন বরাদ্দ, সিটি করপোরেশন হতে রিকশা চালকদের লাইসেন্স প্রদান, যানজট নিরসনে ঢাকা সিটি করপোরেশনের নকল প্লেট ব্যবহূত রিকশা আটক করতে হবে। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আর এ জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সদস্য সচিব মো. ইনসুর আলী, ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য পরিষদের সভাপতি আলম খান, রিকশা-ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার প্রমুখ।