জঙ্গিবাদের শিকড় ও ইতিহাস নেই

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের কোন শিকড় ও ইতিহাস নেই। এজন্য জঙ্গিবাদীরা মানুষের ঐতিহ্য ও মূল্যবোধ ধ্বংস করে। তিনি বলেন, ‘জঙ্গিবাদীরা কচুরিপানার মতো ভাসমান। তাদের কোন শিকড় ও ইতিহাস না থাকায় তারা যত্রতত্র ভেসে বেড়ায়। মন্ত্রী গতকাল বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিতর্ক ফেডারেশন অব বাংলাদেশের (এনডিএফ) দু’দিনব্যাপী অষ্টম জাতীয় বিতর্ক উত্সব উদ্বোধনকালে একথা বলেন। অনুষ্ঠানে সারাদেশের কয়েকশ বিতার্কিক অংশগ্রহণ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, ইমপ্রেস টেলিফিল্ম লি:’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও এনডিএফ’র চেয়ারম্যান এ কে এম সোয়েব। তথ্যমন্ত্রী বিতর্ক উত্সবে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, যারা যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়েছে তাদের পাকিস্তানিদের মতো নির্মূল করতে হবে। আবুল বারকাত বলেন, বিতর্ক একজন মানুষকে সুবিবেচক হিসাবে গড়ে তুলে এবং সমাজ থেকে কুসংস্কার দূর করে। তিনি তরুণ সমাজকে বিতর্ক চর্চায় অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, বিতর্ক মানসিক দৈন্য কাটিয়ে চেতনা শানিত করে।