দেশে ফিরেই হারলো শেখ রাসেল
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:১৫
বিজেএমসি ২
১ শেখ রাসেল
শেখ রাসেল ক্রীড়া চক্র এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় এসে নতুন ভাবে শুরু করতে চেয়েছিল। দলের অধিনায়ক বিপ্লবও তেমনটাই জানান দিয়েছিলেন। কিন্তু অধিনায়কের কথার সাথে বাস্তবের মিল পাওয়া গেলো না। বরং পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নতুন শুরুটা হয়েছে হার দিয়ে। অফিস দল বিজেএমসি ২-১ গোলে হারিয়েছে তাদের। অফিস দলটির হয়ে ইসমাইল বাঙ্গুরা ও স্যামসন ইলিয়াসু এবং শেখ রাসেলের রবীন গোল করেন।
অথচ ২৩ মিনিটে দেয়া গোলে শেখ রাসেলই এগিয়ে ছিল। কিন্তু ৪০ মিনিটে ইসমাইল বাঙ্গুরা এবং ৫৮ মিনিটে স্যামসন ইলুয়াসুর গোলে আর লড়াইয়ে ফিরতে পারেনি শেখ রাসেল। এ জয়ে ১৬ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের উপরে উঠে গেলো বিজেএমসি। শেখ রাসেলের পয়েন্ট ১৩ খেলায় আগের পাওয়া ১৬।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে শেখ রাসেলের খেলোয়াড়দের অমন ত্রাহি অবস্থা দেখে খেলা শেষ হওয়ার সাথে সাথে দলের মন্টেনেগ্রিয়ান কোচ দ্রাগান দুকানোভিচ মাথা নিচু করে মাঠ থেকে বেরিয়ে গেলেন। ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়রা একজন আরেক জনের উপর দোষ চাপাচ্ছিলেন। আক্রমণ ভাগের খেলোয়াড়রা দুষলেন রক্ষণভাগের। তাদের কারণে গোল হজম করেছে। আর রক্ষণভাগের খেলোয়াড়রা দুষলেন আক্রমণ ভাগের। তারা মনে করছেন ম্যাচে ফেরার মতো যথেষ্ট সুযোগ পেয়েও গোল করতে পারেনি।
যে যার উপর দোষ চাপাক না কেন শেখ রাসেল হেরে আবার পিছিয়ে গেলো লিগে। খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার রেওয়াজ থাকলেও দলটির খেলোয়াড় কোচ কিংবা কর্মকর্তা কাউকেই দেখা গেলো না। শেখ রাসেলের উত্তেজিত ড্রেসিং রুমের পাশেরটিতে ছিল উল্লাস। বেতন ভাতা নেই। নিয়মিত খাওয়া দাওয়াও পান না বলে যে খেলোয়াড়রা কষ্টের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতেন তাদের মুখে কাল ছিল চওড়া হাসি।
বিজেএমসির কোচ আলী আজগর নাসির খেলা শেষে এর কারণ জানাতে গিয়ে বললেন, ‘খেলোয়াড়দের বেতন পারিশ্রমিক না পাওয়ায় একটা যন্ত্রণা ছিল। যে কারণে সকার ক্লাব, মুক্তিযোদ্ধা, আবাহনী ও শেখ জামালের বিরুদ্ধে হেরেছিলাম আমরা। এই অবস্থায় ভালো খেলার কারণ হলো খেলোয়াড়রা মাঠের বাইরে লজ্জায় মুখ দেখাতে পারছিল না। যে কারণে ভালো খেলার তাড়নাটা সৃষ্টি হয়েছে। এখন জানি না এই ধারাবাহিকতাটা কতটা সময় থাকবে। এটা নির্ভর করছে খেলোয়াড়দের মন মানসিকতার উপর।’
শিরোপাধারীরা শ্রীলংকা যাওয়ার আগে ২৬ এপ্রিল লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাদার্সের কাছে পরাজিত (১-০) হয়েছিল। কলম্বো থেকে ঢাকায় ফিরেই প্রথম ম্যাচটিতেও হারলো গেলবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল। কাল খেলার শুরুতেই বিজেএমসির আক্রমণ বলে দিচ্ছিল শেখ রাসেলের বিপদ ঘটতে যাচ্ছে। প্রথম দুই মিনিটে বার দুই বল ফিষ্ট করে ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেছেন অধিনায়ক ও গোলকিপার বিপ্লব। ২৩ মিনিটে একটা আক্রমণের সুযোগ পেয়েই গোল পেলো চাপে থাকা শেখ রাসেল। স্ট্রাইকার মিঠুন ডজ দিয়ে বল নিয়ে বেরিয়ে নিচু শট করেন পোষ্টে। রবীন বাতাসে ভাসা বলের গায়ে পা ছুঁইয়ে দিলে বল বিজেএমসির জালে ঢুকে যায় (১-০)। ৪০ মিনিটে সমতা আনে বিজেএমসি। রক্ষণভাগে খেলা সাইফুলের থ্রু থেকে গিনির ইসমাইল বাঙ্গুরা গোল করেন। বিপ্লব ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি (১-১)। দ্বিতীয়ার্ধে রবীনের বদলে খেলতে নামা হাইতির প্যাসকেল মিলিয়েন বল ভাসিয়ে দেন। মিটুনের হেড বাইরে যায়। কাউন্টার এটাকে ৫৮ মিনিটে গোল পায় বিজেএমসি। ইসমাইল বাঙ্গুরার ক্রস থেকে স্যামসন হেড করে বিপ্লবকে বোকা বানিয়ে ম্যাচ জেতানো গোলটি করেন (২-১)।
এর পরও বিজেএমসি এবং শেখ রাসেল গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু ভাগ্যে লেখা ছিল না। হার নিয়ে ফিরতে হয়েছে শেখ রাসেলকে। তবে খেলোয়াড়দের পারিশ্রমিকসহ প্রাসঙ্গিক সুবিধাদি নিশ্চিত করতে এই জয় বিজেএমসির কর্তা ব্যক্তিদের দৃষ্টি কাড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের।
আজকের খেলা ঃ
মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী, ৫টা ৩০।