বার্সা-মেসির নতুন চুক্তি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতালান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তির ব্যাপারে তারা সমঝোতায় পৌঁছেছেন। আর কয়েকদিনের মধ্যেই মেসি চুক্তিতে সই করবেন। তবে, চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি বার্সেলোনা। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘আমরা লিওনেল মেসির সাথে নতুন চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছি। ক’দিনের মধ্যেই আমরা চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো।’ লা লিগায় চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩০ ম্যাচে মেসি করেছেন ২৮ গোল। এছাড়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা ৪৩ ম্যাচে ৪১ টি। ২০০৪-০৫ মৌসুমে অভিষেকের পর বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত মেসি খেলেছেন ৩৫৪ টি ম্যাচ। ৪২৪ টি গোল নিয়ে তিনি ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়। আগামী জুন মাসে ২৭-এ পা রাখতে যাওয়া এই খেলোয়াড় বার্সেলোনায় থাকা অবস্থায় চারবার ফিফা-ব্যালন ডি’অর বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ের পাশাপাশি ক্লাবটির হয়ে জয় করেছেন ছয়টি লা লিগা শিরোপা, তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, দুটি কোপা ডেল রে, দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ ও দুটি উয়েফা সুপার কাপ। বার্সেলোনার সাথে মেসির আগের চুক্তি অনুসারে মেয়াদ আগামী ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন চুক্তিতে সেই সময়টাই আরও বেড়ে যাবে।