ভাল শুরু চান নুয়ের

১৩ জুন, ২০১০। ডারবানে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল জার্মানী। চার বছর বাদে দুয়ারে আরেকটি বিশ্বকাপ। তবে, এবার জার্মানদের জন্য লড়াইটা এতো সহজ হতে যাচ্ছে না। কারণ আগামী ১৬ জুন নাটালে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। আর তাই প্রথম ম্যাচটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের। দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপের শুরুটা যেমনই হোক না কেন, নকআউট পর্বে জার্মানদের মুখোমুখি হতে হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মত দলের বিপক্ষে। শেষ পর্যন্ত তৃতীয় অবস্থানে শেষে বিশ্বকাপ শেষ করে জার্মানরা। এবার বিশ্বকাপে ভাল করার জন্য প্রথম থেকে ভাল খেলতে হবে বলে মত দিলেন গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের, ‘শুরুটা অবশ্যই ভাল হওয়া দরকার। আর সেই ভাল শুরুটা হলো ‘জয়’।’ শুরুটা ভাল করতে পারলে টুর্নামেন্টের বাকিটা সময় জার্মানদের ছন্দ ধরে রাখাটা সহজ হবে বলে মনে করছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক। জার্মান ক্লাবটির অফিসিয়াল ওয়েব সাইটকে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ ভাল করতে পারলে পরের ম্যাচগুলোতে আপনি বাড়তি শক্তি পাবেন। প্রথম ম্যাচকে আপনার প্রথম ফাইনাল হিসেবে দেখতে হবে। ফুটবলটা আমাদের দেশের প্রধান খেলা। তাই সমর্থকদের প্রত্যাশাটাও অনেক বেশি। আশা করি সেই প্রত্যাশা মত আমরা খেলতে পারবো।’ গ্রুপ ‘জি’ তে পর্তুগাল ছাড়াও জার্মানীর বাকি প্রতিপক্ষরা হলো ঘানা ও যুক্তরাষ্ট্র।