বর্তমান চাকরিতেই সুখে আছেন হাতুরুসিংহে!

এদিকে বাংলাদেশে খবর রটে গেছে, চান্দিকা হাতুরুসিংহেই হচ্ছেন জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ। কিন্তু নিউ সাউথ ওয়েলসের এই শ্রীলঙ্কান কোচ নিজে বলছেন, তিনি বর্তমান চাকরিতেই সুখে আছে; চাকরি বদলানো নিয়ে কিছু ভাবছেনও না তিনি। অন্তত তেমনটাই গতকাল একটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলকে বলেছেন তিনি। সাবেক এই লঙ্কান ক্রিকেটার বাংলাদেশের কোচ হচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি জানি না, আপনারা কোত্থেকে এসব কথা পান। আমি এখন যা করছি, তাতে সুখে আছি। আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। সারাদিন এসব নিয়ে ফোন পেতে হচ্ছে আমাকে।’ শুধু তাই না, হাতুরুসিংহে যে তার বর্তমান চাকরি নিয়ে ভাবিতও সেটাও বুঝিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রস্তাব বা কিছু নিয়ে কথা বলতে কেন চান না, তাও বলে দিয়েছেন, ‘আমি কাউকে কিছু বলতে চাই না। কারণ, সেটা আমার নিজের এখানকার চাকরির জন্য ভালো হবে না।’