যুক্তরাজ্যে বিশ্বের প্রথম ব্রেইল ফোনের বিক্রি শুরু
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২০:০১
প্রযুক্তিকে ব্যবহার করে নানা ধরনের মানবিক সীমাবদ্ধতা অতিক্রম করছে মানুষ অনেকদিন থেকেই। এর ধারাবাহিকতায় এবারে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি হলো বিশেষ ধরনের ব্রেইল ফোন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওনফোন (OwnFone) তৈরি করেছে বিশ্বের প্রথম এই ব্রেইল ফোন। এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ফোন তৈরি করলেও সেগুলো বাণিজ্যিকভাবে বাজারে আসেনি। সেদিক থেকে বিবেচনা করেই ওনফোনের তৈরি এই ব্রেইল ফোনকেই বলা হচ্ছে বিশ্বের প্রথম ব্রেইল ফোন। এই ফোনের সামনের এবং পেছনের অংশগুলো তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে, যাতে ফোনের সামনের এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ব্রেইল প্রযুক্তির সংখ্যা এবং অন্যান্য কোড। ব্রেইল ফোনের নির্মাতা ওনফোন জানিয়েছে, এই ফোনের সামনের এবং পেছনের দিকটা কাস্টমাইজেবল। অর্থাত্ এই অংশগুলোকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বদলে নিয়ে তৈরি করার সুযোগ রয়েছে। আবার দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে যারা ব্রেইল পদ্ধতিতে পড়তে পারেন না, তাদের জন্যও ব্রেইল ফোনের আলাদা মডেল রয়েছে যেখানে প্রচলিত সংখ্যা এবং অক্ষরগুলোকেই একটু উঁচু করে ছাপানো হয়েছে যাতে করে হাতের স্পর্শেই এগুলোকে সঠিকভাবে বুঝা যায়। যুক্তরাজ্যের বাজারের জন্য তৈরি এই ফোনের দাম রাখা হয়েছে ৬০ পাউন্ড বা প্রায় ১০০ ডলার। ফোনের কেসিংটি ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার কারণেই এটি তুলনামূলকভাবে কমদামে বাজারে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ওনফোনের টম সান্ডারল্যান্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রিমাত্রিক প্রিন্টিংয়ের মাধ্যমে খুব দ্রুত এই ফোনটি তৈরি করা গেছে এবং এতে করে এর নির্মাণ খরচও তুলনামূলকভাবে কম হয়েছে।’ তিনি জানিয়েছেন, এই ফোনের বাটনগুলোকে এমনভাবে কাস্টমাইজ করা সম্ভব যাতে করে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধরা নিজেদের সুবিধামতো ্ববাটনগুলোকে ডিজাইন করে নিতে পারেন। এতে করে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা অনেক বেশি সহজ হবে। আগামী দিনগুলোতে ব্রেইল ফোনকে আরও উন্নত করে এতে সহায়ক নানা ধরনের ফিচার যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন সান্ডারল্যান্ড।