ফেসবুকের সদরদপ্তর পরিদর্শন করল বিসিএস-বেসিস
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২০:০২
বাংলা ভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন ও স্থানীয়ভাবে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে স্থানীয় অ্যাপ্লিকেশন তৈরি করে দেশের তরুণ প্রজন্মের জন্য ফেসবুকে শিক্ষা সহায়ক টুলস প্রচলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে গতকাল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুকের সদরদপ্তর পরিদর্শন শেষে আনুষ্ঠানিক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন বিসিএস সভাপতি ও কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম মাহফুজুল আরিফ এবং বেসিস সভাপতি ও এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান। এ সময় বিসিএস পরিচালক আলী আশফাক, ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান, বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ফেসবুক পরিচালকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৈঠকে শীঘ্রই বাংলাদেশ সফরের আশ্বাস প্রদান করেন ফেসবুকের হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টার।