থানায় থানায় বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:০০
জনসভার অনুমতি না পাওয়ার জের
রাজধানীর যাত্রাবাড়ীতে জনসভা করার অনুমতি না দেয়া এবং গুম-খুনের প্রতিবাদে বিএনপি শনিবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দোলাইরপাড়ে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গেন্ডারিয়ায় মিছিল থেকে পুলিশ ২ বিএনপি নেতাকে গ্রেফতার করে।
ডেমরা-যাত্রাবাড়ী-শ্যামপুর-কদমতলী বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সড়কের খন্দকার রোড থেকে শুরু হয়ে দোলাইরপাড় আসামাত্র পুলিশী ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মিছিলকারীদের লাঠিচার্জ করে। এতে ৫-৬ জন আহত হয়।
ধানমন্ডি থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ রবিউল আলমের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ধানমন্ডি ২৭ নং রোড মিনাবাজারের সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল কাদের বাবু, গোলাম মোস্তফা রানা, আবু নাসের চৌধুরী লিটন প্রমুখ।
তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি।
মোহাম্মদপুর থানা বিএনপি নেতা আতিকুল ইসলাম মতিন-এর নেতৃত্বে সাত মসজিদ রোড আল¬া করিম মসজিদের সামনে থেকে কাটাসুর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে।
শেরেবাংলা নগর থানা আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে তালতলা বাসস্ট্যান্ডের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এছাড়া আদাবর থানা, বাড্ডা থানা, দারুস সালাম থানা, মিরপুর থানা, পল্লবী থানা, সূত্রাপুর, শাহবাগ, বংশাল-কোতয়ালী, পল্টন, রমনা, ধানমন্ডি, খিলগাঁও থানাসহ সব থানা এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।