টেনশনে ছিলেন মোহামেডানের
ভারপ্রাপ্ত কোচ আলফাজ
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:৪০
পর্তুগীজ ফুটবল কোচ রুই ক্যাপেলা বাতিস্তার অনুপস্থিতিতে মোহামেডানের কোচের দায়িত্বে কাল দেখা গেলো জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদকে। ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর এই প্রথম পেশাদার লিগের মতো বড় আসরে পুরোপুরি দায়িত্ব পাওয়া আলফাজের উপর ক্লাব কর্মকর্তারা আস্থা রাখতে চান। আলফাজ অবশ্য জানালেন চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ম্যাচ হলেও তিনি নাকি ভয়ে ছিলেন। কারণ প্রতিপক্ষ যে দলই হোক না কেন। একটা অঘটন ঘটে গেলে দায়িত্ব এসে পড়বে ঘাড়ে।
আলফাজ খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বলছিলেন, ‘আমি টেনশনে ছিলাম। প্রথম ম্যাচ বলে কথা।’ এক গোলে জিতলেও আলফাজ বলছিলেন মোহামেডান ভালো খেলেছে। গোল মিস করেছে। বারে লেগেছে। না হলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারতো। আর এক গোল করে এগিয়ে থাকাটাও একটা বাড়তি চাপ। কারণ ফুটবল পৃথিবীর যে কোনো দলই ভয়ে থাকবে।’
আলফাজ কোচের দায়িত্ব নিলেও তাকে একটি বারও ডাগ আউটে দাঁড়াতে দেখা যায়নি। কেন তিনি টাচ লাইনে গিয়ে খেলোয়াড়দের প্রয়োজনীয় পরামর্শ দেননি জানতে চাইলে বলেন, ‘আমি এসেছিলাম।’ কিন্তু বাস্তবে তাকে দেখা যায়নি। আলফাজ আহমেদ আরামবাগ থেকে মোহামেডানে যোগ দিয়ে দীর্ঘদিন খেলেছেন। ক্যারিয়ারের বড় সময়টা এখানে কাটিয়েছেন। এরপর তিনি সব বড় দলেই খেলেছেন। আনুষ্ঠানিকভাবে কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল মোহামেডানের মহিলা ফুটবল দলের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে।