সিনেম্যাটোগ্রাফার
প্রকাশ : ১৮ মে ২০১৪, ১৯:৪৮
বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেম্যাটোগ্রাফি পেশাটা খুব বেশি মানুষের কাছে পরিচিত নয়। কিন্তু সিনেম্যাটোগ্রাফি সম্পর্কে কেউ যদি জানার চেষ্টা করে তবে সে এই পেশার প্রেমে পড়তে বাধ্য। এই পেশার নানা বিষয়ে প্রজন্মকে পরামর্শ দিলেন মাছরাঙা টিভির সিনিয়র সিনেম্যাটোগ্রাফার
প্রবীর কুমার দাস
একটি চিন্তাকে পর্দায় ফুটিয়ে তোলার কাজ করেন একজন সিনেম্যাটোগ্রাফার। পরিচালক হয়তো একটি আইডিয়া দেন, কিন্তু দৃশ্যকে পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রধান কাজটি করেন সিনেম্যাটোগ্রাফার। তাই এই পেশাটি সৃজনশীল যেকোনো মানুষের ভালো লাগবে। এই পেশায় আসতে হলে প্রথমেই একটি বেসিক কোর্স করতে হবে। দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশে সিনেম্যাটোগ্রাফি শেখার কোনো জায়গা নেই। যাদের আগ্রহ আছে তারা ভারতের পুনে বা সত্যজিত্ ফিল্ম ইনস্টিটিউট থেকে সিনেম্যাটোগ্রাফির উপর কোর্স করতে পারে। কোর্স করলেই কেউ সিনেম্যাটোগ্রাফার হয়ে যায় না। কোর্স করার পর তাকে একজন ভালো সিনেম্যাটোগ্রাফারের অধীনে কাজ করতে হবে। সিনেম্যাটোগ্রাফারের প্রতিনিয়ত কাছ থেকে কাজ দেখে দেখে তিন থেকে পাঁচ বছর শেখার পরই একজন ভালো সিনেম্যাটোগ্রাফার হতে পারবে। সিনেম্যাটোগ্রাফির প্রতি ভালোবাসা না থাকলে এই পেশার প্রচণ্ড কষ্ট সহ্য করা কঠিন হয়ে পড়ে। তাই ভালোবাসা, সৃজনশীলতা ও আগ্রহ নিয়ে কাজ করলে এই পেশায় ভালো করা যায়। প্রজন্মের উচিত এই পেশায় আসা, কারণ এই পেশার ভবিষ্যত্ খুবই উজ্জ্বল।