নেদারল্যান্ডকে রুখে দিল ইকুয়েডোর

তারকা স্ট্রাইকার রবিন ফন পার্সির প্রশংসা করলেন নেদারল্যান্ড কোচ লুই ফন গল। মূলত অধিনায়ক ফন পার্সির দুর্দান্ত ভলিতেই গত শনিবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলের ড্রয়ে সক্ষম হয় গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ড। দুটি দলই ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। ডাচ কোচ অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়ে কোন কথা বলেননি। যদিও ইংলিশ জায়ান্ট ক্লাবটিতে আগামী মৌসুমে তার দায়িত্ব গ্রহণের ব্যাপারে ব্যাপক-জল্পনা আছে। এ প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘আমি সে সম্পর্কে কিছুই বলতে পারবো না।’ কোচ ফন গল অবশ্য পার্সির ভূয়সী প্রশংসা করেন। আমস্টার্ডম অ্যারিনায় অনুষ্ঠিত খেলাটির পর তিনি বলেন, ‘সে খুবই ভাল খেলে। সে এখন বাজে একটা ইনজুরি সারিয়ে দলে ফিরেও দারুণ একটা গোল করেছে, অবিশ্বাস্য। এছাড়াও সে চড়াও হয়ে খেলেছে। সেজন্য আমি তাকে নিয়ে আনন্দিত। একই সাথে সে একজন ভাল অধিনায়কও।’ আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের সাথে অধিনায়কের সম্পর্ক যে খুবই ভাল তাও বোঝা যায় ৬২ বছর বয়সী ফন গলের কথায়। তিনি বলেন, ‘সবসময় আপনি একজন খেলোয়াড়কে অধিনায়কের দায়িত্ব দেবেন যখন কম বেশি দু’জনে একই দর্শনের অধিকারী হয়। এটা শুধু ফুটবলের কৌশল নিয়েই নয়, বাস্তব জীবনেও। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ।’ সাম্প্রতিক সময়ে ইনজুরিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার ৩৭ মিনিটে দারুণ এক গোল করে স্বাগতিকদের হয়ে সমতা ফেরান। বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে পরে দুর্দান্ত এক ভলিতে ইকুয়েডরের গোলরক্ষক ম্যাক্সিমো বানগুয়েরাকে পরাস্ত করেন তিনি। এর আগে নবম মিনিটে জেফারসন মনটেরোর গোলে দক্ষিণ আমেরিকার দলটি এগিয়ে গিয়েছিল। এদিকে হাঁটুর ইনজুরিতে থাকা ফন পার্সি বলেছেন, ‘প্রিমিয়ার লিগের শেষ তিনটি ম্যাচে আমি মাত্র আধা ঘন্টা এবং ৬৭ মিনিট খেলেছি। সেকারণেই আমি ছন্দ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ।’ বিভিন্ন কারণে খেলাটিতে ডাচ মূল একাদশে খেলতে পারেননি নাইজেল ডি জং, ওয়েসলি স্নেইডার, রাফায়েল ভ্যান ডার ভার্ট, আরিয়ান রবেন এবং জেরেমেইন লেনস। ব্রাজিল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ডাচরা বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, চিলি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। অপরদিকে ‘ই’ গ্রুপে ইকুয়েডরের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ফ্রান্স এবং হন্ডুরাস।