ফরাসীদের জন্য ‘জিদান-মন্ত্র’

ফরাসীদের মধ্যে এই পথটা তারই সবচেয়ে ভাল চেনা। তার সৌজন্যেই সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০০৬ সালেও ওঠে ফাইনালে। তাই সব মিলিয়ে ফ্রান্স দলকে পরামর্শ দেয়ার জন্য জিনেদিন জিদানই সবচেয়ে যোগ্য ব্যক্তি। আর নিজের দায়িত্বটা বেশ ভালভাবেই পালন করলেন এই কিংবদন্তী। সাবেক এই মিডফিল্ডারের মতে, করিম বেনজেমা ও ফ্র্যাঙ্ক রিবেরিকে দিয়ে গঠিত আক্রমণভাগকে সামলাতে প্রতিপক্ষ দলগুলোকে বেশ বেগ পেতে হবে। আর বিশ্বকাপে ফ্রান্স দলের ভাল করার ব্যাপারেও তিনি আশাবাদী। টাইম অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘বিশ্বকাপে ফ্রান্সের ভাল করা উচিত। শেষবার দক্ষিণ আফ্রিকাতে দলের পারফরম্যান্স সবাইকে হতাশ করেছিল। কিন্তু এবার দিদিয়ের দেশমের অধীনে দলটা ভাল করবে বলেই মনে হচ্ছে।’ বিশ্বকাপে ফ্রান্সের ভাগ্য নির্ধারণে বেনজেমা ও রিবেবিই মূল ভূমিকা রাখবেন বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ দলের এই সহকারী কোচ, ‘বাছাই পর্বে আমরা স্পেনের পরেই ছিলাম। আর প্লে অফেও ভাল খেলেছি। সবচেয়ে বড় কথা হল করিম বেনজেমা ও ফ্র্যাঙ্ক রিবেরি এখন দুর্দান্ত ফর্মে আছে। তাদের দু’জনকে বিশ্বকাপে দেখার জন্য আমি মুখিয়ে আছি। ব্যাপারটা দারুণ উপভোগ্য হবে। আর প্রতিপক্ষে ডিফেন্ডারদের জন্য বেশ ঝামেলাই হবে।’ গ্রুপ ‘ই’তে ফ্রান্সের প্রতিপক্ষরা তুলনামূলকভাবে দুর্বল। তবুও সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাসের বিপক্ষে সতর্ক থাকার পরামর্শই দিলেন এই তারকা, ‘যোগ্যতা দিয়েই ৩২টি দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর মনে রাখতে হবে যে, গ্রুপে ইউরোপের দল মাত্র একটি। কেবল তাদের সাথেই আমাদের খেলার ধরনটা মিলবে। বাকি দল দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ফুটবল খেলে। তাই গ্রুপটাকে সহজ ভাবলে ভুল করা হবে।’ দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ বলেই কি-না, ফুটবল বোদ্ধারা শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন ব্রাজিল ও আর্জেন্টিনাকে। আর ইতিহাস বলছে, লাতিন অঞ্চল থেকে কোনো ইউরোপিয়ান দলই বিশ্বকাপ জিতে আসতে পারেনি। তবে, লড়াইটাকে এতোটা একতরফা মানতে নারাজ। ফ্রান্সের পাশাপাশি জার্মানি, স্পেন কিংবা ইতালির মত ইউরোপিয়ান দলগুলোরও সম্ভাবনা দেখছেন তিনি। ৪১ বছর বয়সী আলজেরিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আমি এই ব্যাপারটা নিশ্চিত করে বলতে পারি না। তবে, আমার মনে হয় লাতিন আমেরিকাতে ইউরোপিয়ান দলগুলোর বেশ ভাল সম্ভাবনাই আছে। জার্মানী, স্পেন, ইতালি, নেদারল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সের মত দলগুলো আসছে ইউরোপ থেকে। এদের মধ্যে জার্মানীকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো। আর বাকি দলগুলোরও বিশ্বকাপ জয়ের ভাল সম্ভাবনা আছে। ব্রাজিলে এসব দলগুলো অসাধারণ ফুটবল প্রদর্শনীই দেখাতে যাচ্ছে।’ জিদানের মতে, আসন্ন বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রোনালদো দারুণ এক প্রতিভা। প্রতিদিন রিয়াল মাদ্রিদের অনুশীলনে তাকে দেখি। এক কথায় ও একটা বিস্ময়। রিয়াল মাদ্রিদের হয়ে ওর অর্জনগুলো দারুণ। বিশ্বকাপে ওর জ্বলে ওঠার সব রকম সম্ভাবনাই আছে। এই মুহূর্তে রোনালদোই বিশ্বসেরা ফুটবলার।’ ২৯ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেছেন মোট ৫৪টি গোল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন রেকর্ড ১৬টি গোল।