কামারুজ্জামানের আপিল শুনানির জন্য বেঞ্চ গঠন
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২২:২০
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানির জন্য একটি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন গতকাল রবিবার এই বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন এই বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। চার বিচারপতির এই বেঞ্চ আপিল শুনানি গ্রহণ করবেন।
এর আগে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আব্দুল কাদের মোল্লার আপিলের শুনানি গ্রহণ করেন।
গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে মৃত্যুণ্ড দিয়েছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে গত ৬ জুন সুপ্রিম কোর্টে আপিল করেন কামারুজ্জামান। ঐ আপিলে তাকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে।
এদিকে কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট এম তাজুল ইসলাম বলেন, আপিল শুনানির প্রস্তুতির জন্য আমরা আদালতের কাছে ৫ সপ্তাহ সময় চাইব। আশা করি ন্যায় বিচারের স্বার্থে আদালত আমাদের সময় মঞ্জুর করবেন।