মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেন ওরফে মোবারক আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল রবিবার যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। গতকাল রাষ্ট্রপক্ষের ৫টি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন সমাপ্ত করেন তিনি। যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। যুক্তি উপস্থাপনকালে মোবারক হোসেনকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় আনা হয়। তার পক্ষে আইনজীবী ছিলেন মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম। গত বছর ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষী মোবারকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষে সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষ হয়। অন্যদিকে, গতকাল ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী গোলাম নূরকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। সৈয়দ কায়সারের আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট আবদুস সোবহান তরফদার সাক্ষীকে জেরা করেন।