ক্রিকেট কোচের নাম জানা যাবে আজ

কে হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ? লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন শ্রীলঙ্কার চান্দিকা হাতুরুসিংহে। তবে নামটা নিশ্চিত হওয়া যাবে আজ। গত শুক্রবার এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছে বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন। কোচ হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা হাতুরুসিংহে বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসাবেও কাজ করছেন তিনি। সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। ২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসাবে দায়িত্ব নেন হাতুরুসিংহে। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলেরও কোচ হন তিনি। ২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসাবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্খলাজনিত কারণে বরখাস্ত করা হয় তাকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন হাতুরুসিংহে। সেই বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পান। সাবেক এই লঙ্কান টেস্ট ক্রিকেটার কোনো কারণে রাজি না হলে কিছু আপোষ করে হলেও দায়িত্ব দেয়া হবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল বেভানকে।