কাউখালী সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
রবিউল হাসান রবিন,কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২২:৫৬
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় কাউখালী সদর ইউনিয়ন তিনটিতে চ্যাম্পিয়ন হয়ে সেরা দল নির্বাচিত হয়েছে।
এস,বি সরকারি বালিকা বিদ্যালয় মাঠে শনিবার কানামাছি ভো ভো, দাঁড়িয়াবান্ধা, সাতচারা, দড়িলাফ, হা-ডু-ডু প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের শতাধিক প্রতিযোগী অংশ নেন। এতে কাউখালী সদর ইউনিয়ন কানামাছি ভো ভো, সাতচারা ও দাঁড়িয়াবান্ধা খেলায় চ্যাম্পিয়ন হয়। এছাড়া হা-ড-ুডু ও দড়িলাফে চ্যাম্পিয়ন হয় চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন।
গ্রাম অঞ্চলের এক সময়ের জনপ্রিয় খেলাগুলো পুনরুদ্ধারে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ ছালাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, ক্রীড়া সংগঠক লিটন কর, রফিকুল ইসলাম রফিক।