লাল-সাদায় বর্ণিল মাদ্রিদ
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:২০
মাদ্রিদের বিখ্যাত ‘অল হোয়াইটে’ এখন লাল ছোপ। স্প্যানিশ রাজধানীর প্রধান ক্লাব হিসাবে বিশ্বব্যাপী পরিচিত পাওয়া রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সিকে বর্ণহীন করে দিয়ে মাদ্রিদবাসী এখন মেতেছে অ্যাটলেটিকো বন্দনায়। আঠার বছরের আক্ষেপ ঘুচিয়ে গত শনিবার রাতে লা লিগার নতুন চ্যাম্পিয়ন হওয়ার পর দিয়েগো সিমিওনের দলকে শহরের লোকেরা বরণ করে নিয়েছেন বীরের বেশে।
বার্সেলোনার মাঠে ড্র করে দীর্ঘ দেড় যুগের লা লিগা শিরোপাখরা ঘোচানোর পরই সিমিওনে বলেছিলেন, ‘মাদ্রিদ এখন লাল-সাদা। আমি নিশ্চিত এরপর প্রতিটা দিনেই অ্যাটলেটিকোর নতুন নতুন সমর্থক তৈরি হতে থাকবে।’
সিমিওনের এই কথায় গর্বের পাশাপাশি আপনি চাইলে খুঁজতে পারেন একটু দু:খের ছোঁয়াও। সেই দু:খটা হচ্ছে রিয়ালের ছায়ায় ঢাকা পড়ার দু:খ। বিশ্বসেরা ফুটবলারদের উপস্থিতি, অর্থ আর ঐতিহ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব রিয়ালের তারকাদ্যুতিতে ম্লান মাদ্রিদের অন্য সব ক্লাবই। তাই এই শিরোপা অ্যাটলেটিকোর জন্য কেবল লিগ শ্রেষ্ঠত্ব নয়, রিয়ালের ছায়া থেকে বেরোনোর উপলক্ষও।
বার্সেলোনা থেকে ফিরে সিমিওনের সেই কথারই প্রতিফলন দেখতে পেলেন অ্যাটলেটিকোর খেলোয়াড়রা। দু’পাশে লক্ষাধিক মানুষের ভীড়। সবার পোশাকের রং লাল-সাদা। হাতে পতাকা-মাথায় স্কার্ফ। ‘ওলে! ওলে! ওলে! চোলো সিমিওনে’ কণ্ঠে প্রকম্পিত চারপাশ। মাদ্রিদের নতুন চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার সময় মাদ্রিদের পারপাশের রাস্তাগুলোর অবস্থাটা ছিল এমনই।
এরপর ছাদখোলা গাড়িতে শহর প্রদক্ষিণের কাজ শেষ করে তাদের জন্য নির্ধারিত মঞ্চে উঠলেন সবাই। একটু আগেই মাদ্রিদের বিখ্যাত স্ট্যাচু অফ নেপচুনে অ্যাটলেটিকোর স্কার্ফ বেঁধে আসা মিডফিল্ডার গাবি উঠে আসেন মাইক্রোফোনের সামনে। সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বললেন শিরোপার পেছনে সতীর্থদের সমবেত অবদানের কথাও, ‘যাদের সাথে আমি লকার রুম শেয়ার করি তাদের সাথে এখানে আসতে পারাটা সত্যিই দারুণ সম্মানের। শিরোপা জিততে তারা তাদের সর্বস্বটাই ঢেলে দিয়েছেন।’ জানালেন আরো সামনে এগিয়ে যাবার প্রতিশ্রুতিও, ‘এটা মাত্র শুরু। আমাদের সেরাটা এখনো সামনে পড়ে আছে।’
সিমিওনে বললেন, সেই দলীয় প্রচেষ্টার কথাই, ‘এটা আসলে শুধু লিগ জয়ের ব্যাপার না। এই দলটার যে দিকটা সবার চোখে লাগবে সেটা হচ্ছে, আপনি যদি একটা জিনিস তীব্রভাবে চাইতে থাকেন এবং সেটার জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হন তাহলে আপনি সেটা করতে পারবেনই।’
সমর্থকদের আরো একবার উল্লাসে মাতানোর আরেকটা উপলক্ষ শীঘ্রই পাচ্ছে সিমিওনে-গাবির দল। আঠার বছর আগে অ্যাটলেটিকোর সর্বশেষ লিগ জয়ের সাক্ষী এই আর্জেন্টাইনের দল লিসবনে আগামী ২৪ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের।
লা লিগা শিরোপা জিতে শহরে রিয়ালের একাধিপত্য ভাঙ্গার ইঙ্গিত দেয়া অ্যাটলেটিকো যদি সেই ম্যাচে জিততে পারে, তাহলে তাদের জন্য মাদ্রিদবাসীর জন্য আরো বড় কোন উত্সবই হয়তো অপেক্ষা করছে। ওয়েবসাইট