সঙ্গী তার প্রত্যাশা ও শুভকামনা
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:২০
উপমহাদেশের উইকেটগুলোর সম্পর্কে সে সম্পূর্ণ ওয়াকিবহাল। যেহেতু সে শ্রীলঙ্কায় কাজ করেছে। শ্রীলঙ্কা জাতীয় দলের খেলোয়াড়ও ছিল। আবার অস্ট্রেলিয়াতে বেশ কিছুদিন ধরে সে কাজ করছে। আমরা মনে করেছি যে, সামনে বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে, এমন একটা কম্বিনেশন আমাদের জন্য ভালো হবে।
আমরা এখনও তাকে চোখে দেখিনি। আমরা তার গল্প শুনেছি বটে; কিন্তু মানুষ হিসেবে কেমন, সে ধারণা হয়নি। আগে ক দিন তবু ফোন করে রিংটা শোনা গেছে। গতকাল তাও শোনা গেল না; ফোন বন্ধ। ফলে একটু কথা বলেও অনুমান করা গেল না—কেমন মানুষ উপল চান্দিকা হাতুরাসিংহ!
আমরা অনুমান করতে পারি আর নাই পারি, যেসব জায়গায় কাজ করেছেন, তাদের তো জানাশোনার অভাব নেই। কুমার সাঙ্গাকারা অনেক আগে থেকেই বলেন, তার পাওয়া অন্যতম সেরা কোচ এই হাতুরুসিংহ। এবার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ও সিডনি থান্ডার্স দলের প্রতিক্রিয়া দেখে মনে হল, সাঙ্গাকারা নিতান্ত মিথ্যে বলেননি।
বাংলাদেশের চাকরিটা নিশ্চিত হওয়ার পর গত পরশুই আনুষ্ঠানিকভাবে এনএসডব্লিউ ও থান্ডার্সের চাকরি ছেড়ে দিয়েছেন। দু’দলই এই চাকরি ছাড়ার খবর নিশ্চিত করে নিজেদের এই সদ্য সাবেক কোচকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।
সিডনি থান্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নিক কামিন্স যেমন হাতুরুসিংহর বিদায়ের খবর নিশ্চিত করে বলছিলেন, ‘চান্দিকার যে নিষ্ঠতা ও নিবেদন দলের প্রতি আমরা পেয়েছি, তাতে তাকে ধন্যবাদ না জানিয়ে উপায় নেই। গত মৌসুমে সিডনি থান্ডার্স দলের জন্য যে যেভাবে কাজ করেছে, তাতে আমরা কৃতজ্ঞ। এখন যে আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ একটা সুযোগ পেয়েছে। ফলে আমাদের তাকে ছেড়ে দিতে দুঃখ হলেও আমরা তার সুন্দর ভবিষ্যত্ কামনা করছি। আশা করছি টেস্ট লেভেলেও সে সফল হবে।’
প্রায় একই ধরনের আশাবাদ শোনালেন এনএসডব্লিউর প্রধান নির্বাহী অ্যান্ড্র জোনস। তিনিও বলছেন, বাংলাদেশের হয়ে হাতুরুসিংহ তার সেরাটা দেখাতে পারবেন এমনই আশা করেন তিনি, ‘চান্দিকার মতো একজন যোগ্য কোচকে হারানোটা অবশ্যই একটা বড় ধাক্কা। কিন্তু ওর যে দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা, সেটাকে সর্বোচ্চ পর্যায়ে প্রমাণ করার এটা একটা দারুণ সুযোগ। সে এনএসডব্লিউর হয়ে অসাধারণ কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে, সে নিজেকে বৈশ্বিক পর্যায়ে প্রমাণের একটা সুযোগ পেয়েছে।’
এই সুযোগটা কাজে লাগিয়ে হাতুরুসিংহ বাংলাদেশকে এগিয়ে দেবেন বলেই বিশ্বাস করে বিসিবিও। এই বিশ্বাসের কথা জানানোর পাশাপাশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল যুক্তি দিয়েই বোঝালেন, কেন তারা এই শ্রীলঙ্কানকে যোগ্য মনে করেছেন।
একদিকে উপমহাদেশের মানুষ ও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের খেলোয়াড়দের দ্রুত বোঝার সম্ভাবনা, অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজের অস্ট্রেলিয়া অভিজ্ঞতা কাজে লাগানো; এই মিলিয়ে হাতুরুসিংকেই সেরা পছন্দ মনে করছেন পাপন, ‘সে ছাড়া বিকল্প ছিল না, তা নয়। আমরা মনে করেছি সেই আমাদের জন্য উপযুক্ত। দুটো কারণে মনে করেছি। একটা হচ্ছে এই উপমহাদেশের উইকেটগুলোর সম্পর্কে সে সম্পূর্ণ ওয়াকিবহাল। যেহেতু সে শ্রীলঙ্কায় কাজ করেছে। শ্রীলঙ্কা জাতীয় দলের খেলোয়াড়ও ছিল। আবার অস্ট্রেলিয়াতে বেশ কিছুদিন ধরে সে কাজ করছে। আমরা মনে করেছি যে, সামনে বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে, এমন একটা কম্বিনেশন আমাদের জন্য ভালো হবে।’
এখন দেখা যাক, এইসব আশা-প্রত্যাশার কতোটুকু পূরণ করতে পারেন নতুন কোচ।