বিশ্বকাপ শেষ মানডানডার

গলার ইনজুরির কারণে আসন্ন ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স দলে খেলা হচ্ছে না কোচ দিদিয়ের দেশমের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক স্টিভ মানডানডার। শনিবার ফ্রেঞ্চ লীগে মার্সেইর পক্ষে খেলা এই গোলরক্ষক ইনজুরি আক্রান্ত হন। ফ্রান্সের জাতীয় দলের প্রথম গোলরক্ষক হুগো লোরিসের পরেই মানডানডার কথা বিবেচনা করা হয়। শনিবার লীগ ওয়ানের ম্যাচে গুইনগ্যাম্পের স্ট্রাইকার মুসটাফা ইয়াতাবারের সাথে সংঘর্ষে তিনি গলায় আঘাত পান। এতে তার গলার ভার্টিব্রা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। রবিবার মার্সেইর চিকিত্সক জানিয়েছিলেন, অন্তত ছয় সপ্তাহের জন্য হয়তবা তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। আর সে কারণেই আগামী ১৫ জুন হন্ডুরাসের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ শুরুর ম্যাচে কঙ্গোতে জন্মগ্রহণকারী এই গোলরক্ষকের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিজের টুইটার এ্যাকাউন্টেও হতাশার সাথে তিনি বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে, বিশ্বকাপে হয়ত আমার আর খেলা হচ্ছে না।’ ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মানডানডার পরিবর্তে দলে নেয়া হতে পারে সেন্ট এতিয়েন্সের স্টিফেন রাফিয়ারের। -বাসস