ফন গাল ইউনাইটেডেই
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:২২
ডেভিড ময়েসের অপসারনের পর থেকেই ফিসফাস শোনা যাচ্ছিল। তবে স্বীকার করছিল না কোন পক্ষই। অবশেষে নীরবতা ভাঙ্গলেন লুইস ফন গাল নিজেই। গতকাল এই বিবৃতিতে এই ডাচ জানিয়ে দিয়েছেন, নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ সফর শেষ করার পরই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আর ক্লাবের আপদকালীন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করা রায়ান গিগস থাকছেন তার সহকারী হিসাবে।
তিন বছরের জন্য রেড ডেভিলসদের সঙ্গে চুক্তিবদ্ধ হবার পর এই হাই প্রোফাইল কোচ বলেন, ‘আমি ওল্ড ট্রাফোর্ডে (অন্য দলের হয়ে) ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। আমি জানি সেখানকার মানুষগুলো খেলাটাকে কেমন ভাবে দেখে এবং সেখানকার পরিবেশটাই বা কেমন। এই ক্লাবটার উচ্চাকাঙ্খা আছে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। এক সঙ্গে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবো বলেই আমার বিশ্বাস।’
আয়াক্স আমস্টারডাম, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বিশ্ববিখ্যাত সব ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি প্রায় অখ্যাত এক আয়াক্স দলকে চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছেন ফন গাল। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর পথ হারিয়ে খোঁজা ইউনাইটেড তার মাধ্যমেই আবার ট্র্যাকে ফিরবে বলে বিশ্বাস ইউনাইটেড কতৃপক্ষের। ক্লাবের সহ-সভাপতি এড উডওয়ার্ড বলেন, ‘পুরো ক্যারিয়ার জুড়ে ইউরোপের বিভিন্ন অংশে তার লিগ এবং কাপ শিরোপা জেতার ইতিহাস তাকে আমাদের নিঁখুত এক পছন্দে পরিনত করেছে। ওল্ড ট্রাফোর্ড তাকে নতুন একটা মঞ্চ দেবে যেখানে তিনি ইউনাইটেডের হয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবেন।’
এদিকে, ফন গালের সহকারী হতে পেরে উল্লসিত গিগসও। এই ওয়েলস তারকা বলেন, ‘লুইস ফন গাল বিশ্বমানের একজন কোচ এবং তার কাছ থেকে আমি প্রচুর বিষয় শিখতে পারবো। তার কাছাকাছি থাকতে পারাটা এবং তাকে সাহায্য করতে পারা হবে দারুন একটা বিষয়।’ ওয়েবসাইট।