শেখ জামালের ক্যাম্প ভেঙ্গে ফেলায় বাফুফের ক্ষোভ প্রকাশ

স্পোর্টস রিপোর্টার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়দের ক্যাম্প ভেঙ্গে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে মনে করে যে দলটির বাংলাদেশের খেলাধুলায় এতোটা অবদান রেখেছে তাদের বিরুদ্ধে এমন কাজ অপ্রত্যাশিত। বাফুফে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শেখ জামালের মাঠে অবস্থিত ক্লাবের খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়, যা ক্রীড়ার জন্য ক্ষতিকর। এই অক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে বাফুফে তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছে। খেলাধুলায় বাফুফে শেখ জামালের অবদানের কথা তলে ধরে জানায়, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ বাংলাদেশের স্বনামধন্য একটি ফুটবল ক্লাব। সাম্প্রতিক বছর সমূহে বেশ সুনামের সাথে দেশে ও বিদেশের মাটিতে সাফল্য অর্জন করে আসছে। নেপালের সাফল্য পোখরা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন, ভারতের কলকাতায় সদ্য সমাপ্ত ১১৮তম আইএফএ শীল্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব রানার্স আপ হয়। এই টুর্নামেন্টে শেখ জামালের খেলা দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করে। এছাড়াও দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন, স্বাধীনতা কাপ ২০১৩ এ রানার্স আপ, বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১২-১৩ মৌসুমে রানার্স আপ, ফেডারেশন কাপ ২০১৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জন করেছে।