স্ন্যাপচ্যাটের বিকল্প ‘স্লিংশট’ তৈরি করছে ফেসবুক
প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২৪
ফটো ম্যাসেজ হাজির হওয়ার পর তাত্ক্ষণিকভাবে সেটি ডিলিট হয়ে যাওয়ার কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে স্ন্যাপচ্যাট। সম্প্রতি এতে ইন্সট্যান্ট ম্যাসেজিং এবং ভিডিও কলিং ফিচার যুক্ত হওয়ায় এর জনপ্রিয়তা আরও একটু বেড়েছে। এর আগে স্ন্যাপচ্যাট কিনেও নিতে চেয়েছিল ফেসবুক। কিন্তু ফেসবুকের প্রস্তাবে রাজি হয়নি স্ন্যাপচ্যাট। তাই শেষ পর্যন্ত ফেসবুক নিজেই স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী একটি অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। কয়েকমাস হলো ‘স্লিংশট’ নামের এই প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে ফেসবুক। স্লিংশটকে অত্যন্ত গোপন একটি প্রকল্প হিসেবেই চালু রেখেছে তারা। এতে ফটো ম্যাসেজিং ছাড়াও ভিডিও ম্যাসেজিংয়ের সুবিধা থাকবে বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে চলতি মাসেই স্লিংশট অবমুক্ত করতে পারে ফেসবুক। উল্লেখ্য, স্ন্যাপচ্যাটকে কিনতে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল ফেসবুকের পক্ষ থেকে। কিন্তু স্ন্যাপচ্যাট নির্মাতারা অবলীলায় ফেসবুকের এই প্রস্তাবকে অস্বীকার করেছে।