‘চিকিত্সক-রোগী সম্পর্ক উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে’

‘রোগী-চিকিত্সক সম্পর্ক ঃ সামাজিক অস্থিরতা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা সম্প্রতি চিকিত্সক ও রোগীদের মধ্যে যে অস্থির অবস্থা বিরাজ করছে তা দ্রুত সমাধানে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভায় তারা বলেন, দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকারকে চিকিত্সক ও রোগীদের সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সঠিক আইন প্রণয়ন করতে হবে এবং এর সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি ও ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট যৌথভাবে এই সভার আয়োজন করে। ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’র সভাপতি ডা. নাজমুন নাহারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব। মতবিনিময় সভায় বক্তারা বলেন, যে কোন অনভিপ্রেত ঘটনার প্রকৃত সত্যতা যাচাইয়ের পর তার কোন যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না। যার কারণে আজ এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে। ডাক্তার এবং রোগী একে অন্যের পরিপূরক এ কথাটি উভয়পক্ষকে মনে রাখতে হবে। এই দুইয়ের মধ্যে বিভেদ এবং তার ফলে সৃষ্ট জটিলতা কোনভাবেই কাম্য নয়। বক্তারা আরো বলেন, অন্যান্য সেক্টরের মতো চিকিত্সা ব্যবস্থায় দলীয়করণ ঢুকে গেছে। ডাক্তার এবং রোগীর মধ্যে পারস্পারিক যে দায়বদ্ধতা আছে সেটা ক্রমেই হ্রাস পাচ্ছে। চিকিত্সা কেন্দ্রে চিকিত্সার পাশাপাশি রোগী এবং তার পরিবার পরিজনদের যে কাউন্সিলিং প্রয়োজন সেটা করা হচ্ছে না বলে জানান তারা। সভায় আরো আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এ.বি.এম ফারুক, সাংবাদিক শ্যামল দত্ত, ডা. সারোয়ার, ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক মাহমুদুল হাসান, ড. নিতাই কান্তি দাস।