বিকাশ কর্মীকে কুপিয়ে
৮ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:০৪
আবারো হামলা চালিয়ে বিকাশের ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকাশ কর্মী ছানাউল্লাহ গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায়। আহত ছানাউল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা তার দুই হাতের রগ কেটে দিয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় খিলগাঁও উড়াল সড়কের নিচে এক ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বিকাশ ডিলার মো. লিটন জানান, ছানাউল্লাহ দুপুর ১২টার দিকে বনশ্রী এলাকায় বিকাশ এজেন্টের বিভিন্ন দোকান থেকে টাকা তুলে পায়ে হেঁটে খিলগাঁও তালতলা বাজারে ফিরছিলেন। বনশ্রীর একটি স্কুলের সামনে মোটর সাইকেলে আসা ৫/৬ যুবক তার পথরোধ করে। ছানাউল্লাহর সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ওই সময় ছিনতাইকারীর তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে অন্তত ৮ লাখ টাকা ছিল বলে জানান লিটন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ছানাউল্লাহর দুই হাতের রগ কেটে গেছে। তাকে চিকিত্সা দেয়া হচ্ছে। এদিকে খিলগাঁও থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারী চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এর আগে গত ৯ এপ্রিল মিরপুরের সেনপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে বিকাশ কর্মীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। ১৩ এপ্রিল বাসাবো কদমতলা এলাকা একইভাবে একজনের ওপর হামলা চালিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। মিরপুরে ছিনতাই হওয়ার ঘটনাটি তদন্ত করা হয়েছে। এই ছিনতাইয়ের সঙ্গে একটি চিহ্নিত চক্র জড়িত।