রোনালদো কস্তাবিহীন ফাইনালের আশঙ্কা

চ্যাম্পিয়ন্স লিগের অল স্প্যানিশ ফাইনালের বাকি আর সপ্তাহখানেক। অথচ রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও দিয়েগো কস্তা ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয় এখনো। যদিও দু’দলের কোচই নিজ নিজ সেরা অস্ত্রের ২৪ তারিখ লিসবনের ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। চলতি মৌসুমে বেল, বেনজেমা এবং রোনাল্ডো তিনজনে মিলে দলের হয়ে মোট ৯৫ গোল করেছেন। কিন্তু দুই সপ্তাহ আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের পর থেকে আর একত্রে মাঠে নামতে পারেননি। ফাইনালের মাত্র চার দিন বাকি থাকতে গত কালও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের তিন তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজেমা। মঙ্গলবার সতীর্থ খেলোয়াড়রা অনুশীলন করলেও এ তিন তারকাকে পাশেই বসে থাকতে হয়েছে। পুরনো ইনজুরি সত্ত্বেও গতসপ্তাহে এসপানিয়লের বিপক্ষে রিয়ালের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও মৌসুমের শেষ ভাগে পুরোটাই খেলার বাইরে ছিলেন বেল এবং বেনজেমা। এছাড়া রোনালদো রিয়ালের একজন ফিজিওকে নিয়ে ব্যক্তিগত ভাবে কিছু কাজ করেছেন। সেলটা ভিগোর বিপক্ষে ম্যাচে উরুতে আঘাত পাওয়ায় এসপানিয়লের বিরুদ্ধে মাঠে নামেননি রোনালদো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার চ্যাম্পিয়নস লীগের ফাইনালের আগে দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় দিয়েগো কস্তা এবং আরদা তুরানকে নিজেদের ফিটনেস প্রমাণের সব সুযোগ দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ বস দিয়েগো সিমেয়োনে। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ লীগের শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে এ্যাথলেটিকো। কিন্তু ঐ ম্যাচের প্রথম ২৫ মিনিটের মাথায় উভয় খেলোয়াড়ই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। স্প্যানিশ গণমাধ্যমে সোমবার প্রকাশিত রিপোর্টে জানা গেছে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লীগে খেলতে পারছেন না কস্তা। আর কোমরের ইনজুরির কারণে তুরানের খেলা নিয়েও সংশয় রয়েছে। কিন্তু সিমেয়োনে বলেছেন, ‘আমরা মাত্রই সপ্তাহ শুরু করেছি। এখনো কয়েকদিন বাকি রয়েছে, যদিও কোন কিছুই নিয়েই আমরা তাড়াহুড়া করতে চাই না। গুরুত্বপূণ একটি ম্যাচের আগে মন্তব্য করার সময় এখনো আসেনি। সব কিছুর পরেও এই দু’জনকে আমরা সুস্থ হিসেবে দেখতে চাই। সপ্তাহের শেষ পর্যন্ত আমরা কস্তা এবং আরদার জন্য অপেক্ষা করবো। একান্তই যদি না হয় তবে আমাদের বিকল্প খুঁজতে হবে।’ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে টপকে ১৮ বছর পরে লা লিগার শিরোপা ঘরে তুলেছে অ্যাটলেটিকো। টানা ১০ বছর এই দুই দলের মধ্যে থাকা স্প্যানিশ লীগের শিরোপা নিজেদের করতে পেরে দারুণ আত্মবিশ্বাসী এখন সিমেয়োনের শিষ্যরা। এবারের লীগে তারা মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে। যদিও লিসবনের ফাইনালে লীগের শিরোপা জেতার কোন প্রভাব থাকবে না বলেই সিমেয়োনে মন্তব্য করেছেন। এদিকে এই মৌসুমের পরপরই ক্লাব ছেড়ে যাবার সব গুজব উড়িয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি যেখানে আছি তা নিয়ে দারুণ সন্তুষ্ট। ক্লাবটি ক্রমাগতই উন্নতি করেছে। ইউরোপা লীগ, ইউরোপীয়ান সুপার কাপ, কোপা ডেল রে ফাইনাল শেষ করে আমরা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পৌঁছেছি। এখন দল লা লিগা জিতেছে এবং ক্রমশই সামনে এগিয়ে যাচ্ছে। এই ধারা বজায় রাখতে পারলে আর্থিক অসঙ্গতি থাকা সত্ত্বেও আমরাই সেরাদের সাথে লড়াই চালিয়ে যেতে পারবো। আগামী বছরেও আমি এখানেই থাকবো।’— বাসস