ফার্গুসনে
উদ্বিগ্ন নন
ফন গাল
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:১২
ক্লাব ফুটবলের দীর্ঘদিনের সাফল্য ইউরোপের অন্যতম সফল কোচ হিসাবেই প্রতিষ্ঠিত করেছে লুইস ফন গালকে। তবে ক্লাবের নাম যখন ম্যানচেস্টার ইউনাইটেড তখন স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে তুলনাটা চলে আসবে নিশ্চিতভাবেই; কিন্তু ফন গলের বিশ্বাস, ক্লাবের ইতিহাসের অন্যতম সফল কোচের ছায়া তার ইউনাইটেড মিশনে বড় কোন বাঁধা হয়ে আসবে না।
বর্তমানে নেদারল্যান্ড জাতীয় দলকে নিয়ে অনুশীলনে ব্যস্ত ৬২ বছর বয়সী এই কোচ বলেন, ‘যদি কোন চাপ আমার উপরে থেকে থাকে তাহলে সেটা হলো আমার নিজেরই দেয়া। অ্যালেক্স ফার্গুসন আমার ঘাড়ের উপর দিয়ে তাকিয়ে আছেন, আমার মনে হয় না এটা খুব বড় কোন সমস্যা হবে! তার সাথে আমার সম্পর্ক খুবই স্বাভাবিক এবং আমার বিশ্বাস- শীঘ্রই তার সঙ্গে একই টেবিলে বসার সুযোগ আমার হবে।’
ইউনাইটেডের হয়ে সাতাশ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ১৩টি লিগ শিরোপা জেতা ফার্গুসন নয়, বরং তার অর্জনের পুনরাবৃত্তি করাই হবে তার লক্ষ্য জানিয়ে এই ডাচ আরো বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে দ্রুতই আবার এক নম্বর জায়গায় ফিরিয়ে আনা। তারা (ক্লাব কর্তৃপক্ষ) মনে করেছে আমি সেই কাজটা করতে পারবো। আর সেখানে আমাকে সাহায্য করতে শুধু অভিজ্ঞরাই নন, তরুণ খেলোয়াড়রাও আছেন।’
তবে ফার্গুসন পরবর্তী যুগে নিজেদের প্রথম বছরে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করা ইউনাইটেডকে আবার সেই গৌরবোজ্জ্বল পথে ফিরিয়ে আনাটা যে মোটেই সহজ হবে না, বায়ার্ন মিউনিখ-বার্সেলোনাকে নিজ নিজ দেশের ঘরোয়া লিগ জেতানো এই কোচ স্বীকার করেছেন সেটাও।
তবে সেই চ্যালেঞ্জ নিতে ভালভাবেই প্রস্তুত বলে দাবি করলেন তিনি। বললেন, ‘এটা কঠিন একটা কাজ, তবে দুর্দান্ত একটা চ্যালেঞ্জ। যখন ম্যানচেস্টার কাজটা নিয়ে আমার দরজায় কড়া নাড়লো, আমি ভাবতে খুব বেশি একটা সময় নেইনি। বাজেট এবং বিপণনের দিক থেকে ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের সবচেয়ে বড় ক্লাব।’
আয়াক্স আমস্টারডামকে প্রায় অখ্যাত এক দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো এই কোচ আরো বলেন, ইংলিশ ফুটবল নিয়ে এরই মধ্যে ভাবতেও শুরু করেছেন তিনি। বললেন, ‘আমি এরই মধ্যে কর্তৃপক্ষের বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি। তারা জানে আমি কোন কোন খেলোয়াড়কে দলে চাই। কে কে দল ছাড়তে পারেন সে বিষয়েও আমি তাদেরকে ধারণা দিয়েছি। তবে অরেঞ্জদের (নেদারল্যান্ডস) হয়ে আমার দৃষ্টি অন্যদিকে বিক্ষিপ্ত হবার সুযোগ নেই। ইউনাইটেডের হয়ে কাজ করার জন্য আমি কেবল অবসর সময়গুলোকেই বেছে নেই।’ -ওয়েবসাইট