আসন্ন বাজেটে প্রতিষ্ঠানের লভ্যাংশের ওপর করের হার কমিয়ে আনুন
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:২২
সম্প্রতি আমাদের অর্থমন্ত্রী বলেছেন, দেশে বিনিয়োগ হয় না অথচ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অন্যদিকে অপ্রদর্শিত আয় (কালো টাকা) জরিমানা দিয়ে প্রদর্শনের সুযোগ দিয়েও তেমন ফল পাচ্ছে না সরকার। তাহলে কি এখনো সরকারের ঘুম ভাঙবে না? কোথায় সংস্কার প্রয়োজন এবং কী ধরনের সংস্কার প্রয়োজন বাংলাদেশের জন্য! নিজেদের সিদ্ধান্ত গ্রহণের শক্তির ওপর যদি আস্থার অভাব থাকে, তবে পার্শ্ববর্তী বা অপরাপর দেশের দিকেও তো তাকানো যায়। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে তুলনীয় এবং অনুসরণীয় দেশ হতে পারে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন ইত্যাদি। কারণ তারা প্রত্যেকেই অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের চেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশের করপোরেট ট্যাক্স রেট যেখানে ৩৭.৫০% সেখানে ভারতে এই হার বর্তমানে ৩০%; মালয়েশিয়ায় ২০০৯ সাল থেকে এই করের হার ২৫%; ইন্দোনেশিয়ায় ২০১০ সাল থেকে ২৫%; ভিয়েতনামে ২০০৯ সাল থেকে ২৫%; চীনে ২০০৭ সালেও এ করের হার ৩৩% ছিল, যা ২০০৮ সালেই ২৫%-এ নামিয়ে আনা হয়। অতএব বিনিয়োগ ধরে রাখার জন্য এ অঞ্চলে প্রতিযোগিতামূলক করপোরেট ট্যাক্স রেট কত হতে পারে তা সহজেই অনুমেয় (২৫% বা এর চেয়ে কম)। বিষয়টি আরো ঘেঁটে দেখতে আমরা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলংকার দিকে তাকাতে পারি। শ্রীলংকায় ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৫.৩৫%-এর কাছাকাছি এবং এ সময়ে শ্রীলংকায় করপোরেট ট্যাক্স রেট ছিল ৩৫%; কিন্তু ২০১১ সাল থেকে শ্রীলংকায় এই হার কমিয়ে আনা হয় ২৮% এবং এই সময়ে অর্থাত্ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত শ্রীলংকার জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৭.৩৭%-এর কাছে। প্রকৃতপক্ষে কর কাঠামো প্রণয়নে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং যখন যে বছরের বাজেট তৈরি করে শুধু সে বছরের অর্থ সংস্থান নিয়েই উত্কণ্ঠিত থাকে। ফলে হঠাত্ করপোরেট ট্যাক্স রেট কমিয়ে দিলে যদি ঐ বছর কর সংগ্রহে ঘাটতি দেখা দেয়—এই আশংকায় থাকে। কিন্তু এটা ভাবে না যে অধিক বিনিয়োগ হলে এক বছর পর থেকেই মোট কর সংগ্রহ কত বেড়ে যাবে! আমরা আশা করি, এবারের বাজেটে বর্তমান সরকার এবং মাননীয় অর্থমন্ত্রী সাহসী পদক্ষেপের মাধ্যমে কর কাঠামো সংস্কার করে প্রতিষ্ঠানের লভ্যাংশের ওপর ধার্যকৃত কর হার যথেষ্ট কমিয়ে আনবেন। আমরা বিশ্বাস করি, জাতি অবশ্যই এ কাজের প্রতিদান দেবে।
ঢাকা