সেরা ব্র্যান্ড হিসেবে অ্যাপলকে টপকে শীর্ষে গুগল
প্রকাশ : ২১ মে ২০১৪, ২০:১৯
স্টিভ জবসের হাত ধরে অ্যাপলের যে উত্থানের শুরু, তা শেষ পর্যন্ত অ্যাপলকে প্রযুক্তিবিশ্বের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সেরা ব্র্যান্ডের সম্মান এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী কোকা-কোলা শীর্ষ ব্র্যান্ড হিসেবে স্থান দখল করে নিলেও গত তিন বছরে টানা এই স্থানটি নিজেদের করে নিয়েছিল অ্যাপল। তিন বছর পর এসে প্রথমবারের মতো অ্যাপলকে হটিয়ে সেরা ব্র্যান্ডের স্থানটি দখল করে নিয়েছে আরেক টেক জায়ান্ট গুগল। গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সি মিলওয়ার্ড ব্রাউন তাদের সর্বশেষ জরিপে এই তথ্য প্রকাশ করেছে। তাদের হিসেবে গত এক বছরে গুগলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। তাতে করে তাদের ব্র্যান্ড ভ্যালুর মূল্যমান দাঁড়িয়েছে ১৫৮.৮৪ বিলিয়ন ডলারে। অন্যদিকে একই সময়ে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু কমেছে প্রায় ২০ শতাংশ। ফলে তাদের ব্র্যান্ড ভ্যালুর মূল্যমান এখন ১৪৭.৮৮ বিলিয়ন মার্কিন ডলার। গুগলের এই এগিয়ে যাওয়া আর অ্যাপলের পিছিয়ে পড়ার কারণেই এখনকার বিশ্বে সেরা ব্র্যান্ডে পরিণত হয়েছে গুগল। গুগলের এই উত্থান প্রসঙ্গে মিলওয়ার্ড ব্রাউনের প্রধান বেনয়েট ট্র্যানজার বলেন, ‘গুগল গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় ধরনের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উল্লেখযোগ্য অংশিদারিত্ব তৈরি করার মাধ্যমে গত এক বছরে গুগল ব্যাপক সৃজনশীলতার পরিচয় দিয়েছে। এসকল কর্মকাণ্ডের মাধ্যমে একটি সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের পূর্ণ পরিচয় গুগল পৌঁছে দিতে সমর্থ হয়েছে গ্রাহকদের কাছে।’ সেরা ব্র্যান্ডের তালিকায় বর্তমানে গুগল এবং অ্যাপলের পরের অবস্থানটিতে রয়েছে আরেক মার্কিন টেক জায়ান্ট আইবিএম যাদের ব্র্যান্ড ভ্যালুর মূল্যমান ১০৭.৫৪ বিলিয়ন মার্কিন ডলার। মাইক্রোসফটও গত এক বছর সময়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালুকে বাড়িয়ে নিতে সমর্থ হয়েছে ২৯ শতাংশ। এতে করে তাদের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৯০.১৯ বিলিয়ন ডলার এবং শীর্ষ ব্র্যান্ডের তালিকায় অবস্থান চতুর্থ স্থানে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই আধিপত্যের মধ্যে তালিকার পঞ্চম স্থানটি দখল করে নিয়েছে ম্যাকডোনাল্ড (৮৫.৭১ বিলিয়ন ডলার) এবং ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে কোকা কোলা (৮০.৬৮ বিলিয়ন ডলার)। ফেসবুক, বাইদু, ইয়াহু, টুইটার, লিংকডইনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও স্থান করে নিয়েছে শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায়।