লাম ও ন্যুয়ারের বিশ্বকাপ খেলতে বাধা নেই
প্রকাশ : ২১ মে ২০১৪, ২১:৫৪
জার্মানী অধিনায়ক ফিলিপ লাম ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার জার্মান কাপের ফাইনালে ইনজুরির কবলে পড়লেও বিশ্বকাপের আগে সময় মতোই ফিট হয়ে উঠবেন। বায়ার্ন মিউনিখ এ তথ্য জানিয়েছে। ফিলিপ লাম গত শনিবার জার্মান কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে ৩০ মিনিটের সময় পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অপরদিকে ডান কাঁধে আঘাত পান ন্যুয়ার। বায়ার্নের ডাক্তার দুজনকেই সোমবার পরীক্ষা করেছেন।
বায়ার্ন তাদের ওয়েবসাইটে জানায়, দুজনের কারোরই বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। শুধু তাই নয়, উভয়েই গতকাল বুধবার থেকে উত্তর ইটালিতে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিতে জাতীয় দলের সাথে সেখানে গেছেন।
লাম অবশ্য আঘাতটির কারণে কমপক্ষে এক সপ্তাহ বিশ্বকাপের ক্যাম্পে অনুশীলন করতে পারবেন না। নু্যুয়ারকেও বিশেষ সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হবে এবং অনুশীলন ক্যাম্পেই তা করবেন। শুশ্রূষা প্রক্রিয়ায় তার শরীর কেমন সাড়া দেয় এর উপর নির্ভর করবে গোলরক্ষকটি কবে নাগাদ অনুশীলন শুরু করতে পারবেন।
জার্মানির বুন্দেশলিগা চ্যাম্পিয়ন ক্লাবটি তাদের ওয়েবসাইটে এই দুজনের সম্পর্কে জানালেও তাতে বাস্তিয়ান সুয়েনস্টেইগারের কোন উল্লেখ নেই। যদিও হাঁটুর ইনজুরির কারণে তিনি জার্মান কাপের ফাইনালে খেলতে পারেননি। তবে ইতোপূর্বে জানানো খবরাদিতে বলা হয় তার ইনজুরি অতটা গুরুতর নয়। বিশ্বকাপের বাছাইপর্বে জার্মানি অনেক নজরকাড়া খেলা উপহার দেয়। কিন্তু তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ইনজুরির খবর বের হওয়ায় বিশ্বকাপের প্রাক্কালে দলটিকে নিয়ে সৃষ্ট আশাবাদে কিছুটা ভাটা পড়তে শুরু করেছে।
স্ট্রাইকার মারিও গোমেজ এরই মধ্যে বিশ্বকাপের জন্য ঘোষিত কোচ জোয়াকিম লোর দলটিতে ঠাঁই পাননি। বর্ষীয়ান মিরোস্লাভ ক্লোসাও চলতি মৌসুমে বিভিন্ন ধরনের ইনজুরির কারণে দফায় দফায় মাঠের বাইরে সময় কাটাতে বাধ্য হন। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার স্যামি খেদিরা হাঁটুর ইনজুরির কারণে ছয় মাস মাঠের বাইরে কাটানোর পর রিয়াল মাদ্রিদে ফিরলেও এখনো পুরো একটা ম্যাচ খেলতে পারেননি। কোচ জোয়াকিম লো ২৭ সদস্যের দল নিয়ে ইটালিতে গেছেন। তিনি এ দলটি থেকে চারজনকে বাদ দিয়ে ১ জুন ক্যামেরুনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ শেষে ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন।
উল্লেখ্য, জার্মানি এবারের বিশ্বকাপের ‘জি’ গ্রুপে পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে। জার্মানি ১৬ এপ্রিল পর্তুগালের বিরুদ্ধে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন ঘানা এবং ২৬ জুন যুক্তরাষ্ট্রের মোকাবেলার মধ্যদিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে।