ফিগোর চোখে স্পেন নয় ব্রাজিল

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পর্তুগালের সাবেক মিডফিল্ডার লুই ফিগো এবারের বিশ্বকাপে স্পেন তাদের শিরোপা ধরে রাখতে পারবে বলে মনে করেন না। বরং তার বিশ্বাস কঠিন মুহূর্তে ব্রাজিলই সাফল্য নিয়ে বেরিয়ে আসবে। ফিগো লরাসডটকম ওয়েবসাইটকে বলেন,‘আমি মনে করি না স্পেন বিশ্বকাপ জিতবে। আমার মনে হয় না তাদের সে রকমটা করে দেখানোর মতো গুণপনা আছে। তাদের জন্য বিশ্বকাপ জেতাটা কঠিন হবে, তবে অসম্ভব নয়।’ পর্তুগালের হয়ে ১২৭টি ম্যাচ খেলা এই খেলোয়াড় আরো বলেন,‘আমি মনে করি নিজের মাঠে খেলাটা অনেক সাহায্য করবে। আমি ব্রাজিল কোচকে (লুই ফিলিপ স্কলারি) ভালভাবে জানি। আমি মনে করি এ ধরনের টুর্নামেন্টের জন্য তিনি অনেক বড় মানের একজন কোচ এবং দেশটিও তাদের দলকে সমর্থন জুগিয়ে এ ব্যাপারে সাহায্য করবে।’ ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপটিতে স্বাগতিকদের সম্ভাবনা নিয়েও কথা বলেন পর্তুগালের সোনালি প্রজন্মের এই খেলোয়াড়টি। তার মতে-‘ব্রাজিলের বিরুদ্ধে খেলা অন্য দলগুলোর জন্য কঠিন, খুবই কঠিন হবে।’ ফিগো এমন কথাও বলেন যে বিশ্বকাপে তার দেশ পর্তুগালকে দুর্দশায় পড়তে হতে পারে। তার এমন আশংকা প্রকাশের কারণ প্রতিযোগিতায় পর্তুগাল যাই করুক না কেন, তা ‘প্রচণ্ডভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর নির্ভর’ করবে।সাম্বাফুট।