ইডেন গার্ডেন মাতালেন সাকিব
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৯
‘আমি ওকে কাঁধে তুলে নাচতে চাই’ — সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানের উচ্ছ্বাসের কারণ হতে পারে দলে টানা সাফল্য। কিন্তু ওয়াসিম আকরাম যখন বলেন, ‘আমি ওর মত এতো ধারাবাহিক কাউকে আমার গোটা ক্যারিয়ারে দেখিনি!’ তাহলে সত্যি নড়ে চড়ে বসতে হয়।
তিনি হলেন সাকিব আল হাসান। আগের দিন বল হাতে ঝড় তুললেও গত মঙ্গলবার ইডেন গার্ডেনে বল হাতে ছিলেন খানিকটা নিষ্প্রভ। চার ওভার বল করে কোন উইকেট ছাড়া ৩০ রান দেয়া সাকিব বড় ঝড়টা তুললেন ব্যাটিংয়ে। আর তার সেই ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
কলকাতার ইডেন গার্ডেনের জনাকীর্ণ গ্যালারিকে সাক্ষী রেখে ২১ বলে খেলে ফেললেন ৪৬ রানের অপরাজিত ইনিংস। শেষ বিচারে ৩৯ বলে ৬৭ রান করা ওপেনার রবিন উথাপ্পা ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে নিলেও কলকাতাবাসীর মন জয় করে নিলেন বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে করে ১৫৪ রান। জবাবে সাকিবের দাপটে দুই ওভার বাকি থাকতেই আট উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। যতক্ষণ ব্যাটিং করেছেন সেই সময়টাতে কতটা মারমুখী ছিলেন সেটা তার স্ট্রাইক রেটেই স্পষ্ট।
২১৯.০৪ স্ট্রাইক রেটে ২১ বলের ইনিংসটিতে ছিল দুটি ছক্কা ও ছয়টি চার। আজ আবার একই ভেন্যুতে মাঠে নামবেন সাকিবরা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।